নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ইউল্যাবে নবীণ বরণ অনুষ্ঠান
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৯:৫৯
সংগৃহীত
নবাগত শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর প্রাণবন্ত আয়োজনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ অনুষ্ঠিত হয়েছে “নবীণ বরণ – সামার ২০২৬”। বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস জীবনে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে ইউল্যাবের আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাদান পদ্ধতি, সৃজনশীল চর্চা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের বিভিন্ন দিক নবাগতদের সামনে তুলে ধরা হয়। শুরুতেই স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও ইন্টার্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে তারা বিশ্ববিদ্যালয় জীবন, সহশিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাস সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করেন।
পরে মূল আনুষ্ঠানিকতায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি এবং উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে ইউল্যাবের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী উন্নয়ন উদ্যোগ এবং বৈশ্বিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও বৈশ্বিক দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে “১টি সিড বক্স – ৫টি গ্লোবাল গোলস” শীর্ষক একটি বিশেষ উপস্থাপনা এবং “অত্যাবশ্যকীয় দক্ষতা” বিষয়ে একটি সেশন আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও সমন্বিত শিক্ষাব্যবস্থার প্রতি ইউল্যাবের অঙ্গীকার তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ইউল্যাব সংস্কৃতি সংসদ ও বিভিন্ন ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জনপ্রিয় ব্যান্ড “গ্রেভ চ্যান্ট” ও “আন্তনগর”-এর সঙ্গীত পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
বাংলাদেশেরখবর/আরকে

