Logo

শিক্ষা

মিড ডে মিলের খাবারে অনিয়ম হলে বিভাগীয় মামলার হুঁশিয়ারি

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৭:৩৯

মিড ডে মিলের খাবারে অনিয়ম হলে বিভাগীয় মামলার হুঁশিয়ারি

সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বা মিড ডে মিলের খাবার গ্রহণ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পচা বনরুটি, নষ্ট ডিম, আকারে ছোট ও পচা কলা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এতে একদিকে যেমন ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মরিয়ম বেগম সই করা এক নির্দেশনায় বলা হয়, খাদ্য গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া খাদ্যের মান ও পরিমাণ নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী সঠিক কিনা তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নির্ধারিত সময় মেনে খাদ্য গ্রহণ ও বিতরণ সম্পন্ন করতে হবে এবং খাদ্যের ধরন অনুযায়ী বিদ্যালয়ে উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, খাদ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, নেট ওজন উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে। বিশেষ করে বনরুটি তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত কিনা পরীক্ষা করতে হবে। প্যাকেজিং ছেঁড়া, আর্দ্রতা, পচন, ফাঙ্গাস বা দুর্গন্ধ থাকলে তা কোনোভাবেই গ্রহণ করা যাবে না।

ডিমের ক্ষেত্রে ফাটা, দুর্গন্ধ, পিচ্ছিলতা বা দৃশ্যমান দূষণ রয়েছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছে। পাশাপাশি কলা হতে হবে দাগমুক্ত ও পোকামুক্ত; অতিরিক্ত পাকা বা পচা কলা বিতরণ করা যাবে না। এছাড়া ইউএইচটি মিল্ক ও ফর্টিফাইড বিস্কুটের ক্ষেত্রেও প্যাকেজিং, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাদ্যসামগ্রী গ্রহণ করা যাবে না। এরপরও যদি কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের খাবার সরবরাহ করে, তাহলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন