সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ নারীশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে।
শনিবার (১৬ মে) সকালে উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের কথাকাটাকাটি শুরু হয়। এ সময় এক ছাত্রী উপাচার্যকে উদ্দেশ করে বলেন, “রাগ করে রাস্তায় নাটক করলে হবে না।” জবাবে উপাচার্য বলেন, “নাটক তোমরাও যেমন পারো। আমি নাটক, তোমরাও নাটক।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের কেউ কেউ উপাচার্যকে “ফ্যাসিস্ট” বলেও আখ্যা দেন। এর প্রতিক্রিয়ায় উপাচার্য বলেন, “১৭ বছরের মূল্যবোধের অবক্ষয় আমি টানছি। ১৭ বছর ফ্যাসিস্টের মধ্যে ছিলাম। অন্যায়কারীদের বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যেটা ন্যায্য সেটা আমি করব, নিয়মের বাইরে যাব না।”
নিজের অবস্থান ব্যাখ্যা করে উপাচার্য বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। আগের প্রশাসনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটলেও আমি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। আমি রাস্তার লোক।”
এদিকে, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

