Logo

শিক্ষা

২০২৮ সালে চালু হচ্ছে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম: প্রতিমন্ত্রী

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৮:০৮

২০২৮ সালে চালু হচ্ছে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম: প্রতিমন্ত্রী

সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরে নতুন পাঠ্যক্রম কার্যকর করা হবে।

রোববার (১৭ মে) ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে নতুন পাঠ্যক্রমের ডিজাইন, পাইলটিং ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের কাজও শুরু হবে।

তিনি বলেন, আমি ঘোষণা করছি, ২০২৮ সালে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম চালু করব। ২০২৭-২৮ সালের মধ্যেই শিক্ষকদের এই পাঠ্যক্রমে প্রশিক্ষিত করা হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষার্থীদের শেখার সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে ওঠেনি, যেখানে শিশুরা সহজ ও আনন্দময় পরিবেশে শিখতে পারে।

তার ভাষায়, শিক্ষা ব্যবস্থা হতে হবে এমন, যেখানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারবে। কিন্তু আমরা সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছি। শিক্ষক ও শিক্ষা কার্যক্রমের মূল ভিত্তি হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম। তাই সবার আগে একটি সঠিক ও যুগোপযোগী কারিকুলাম তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, পাঠ্যক্রমে ত্রুটি থাকলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। এজন্য সঠিকভাবে কারিকুলাম ডিজাইন এবং শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভাষাগত সক্ষমতা উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাপের মহাপরিচালক ফরিদ আহ্‌মদ। এতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন