Logo

শিক্ষা

প্রাথমিকের পরীক্ষা ফি নিয়ে নির্দেশনা দিলেন গণশিক্ষা সচিব

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৮:২৯

প্রাথমিকের পরীক্ষা ফি নিয়ে নির্দেশনা দিলেন গণশিক্ষা সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহে শিক্ষার্থীদের কাছ থেকে শ্রেণিভেদে নির্ধারিত হারে পরীক্ষা ফি নেওয়ার নির্দেশনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সীমিত স্লিপ বরাদ্দের কারণে অনেক বিদ্যালয়ে পরীক্ষা আয়োজন করা কঠিন হয়ে পড়ছে। তাই শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয় না করে নির্ধারিত সীমার মধ্যে ফি নেওয়া যেতে পারে।

শনিবার (১৩ জুন) রাজধানীর বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব জানান, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির জন্য ৫০ টাকা করে পরীক্ষা ফি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, এটি কোনো অন্যায় কাজ নয়। শিক্ষকদের ব্যক্তিগত অর্থ খরচ করে পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত নয়। পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় ব্যয় মেটাতেই এই ফি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে বিদ্যালয়গুলোর স্লিপ বরাদ্দ সীমিত। তবে আগামী অর্থবছরে এ বরাদ্দ বৃদ্ধি পাবে এবং স্কুলগুলো তুলনামূলক বেশি অর্থ পাবে বলে আশা করা হচ্ছে।

পরীক্ষা ফি নিয়ে সমালোচনা বা প্রশ্ন উঠতে পারে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে বিষয়টি নিয়ে তিনি নিজেই ব্যাখ্যা দেবেন। তার ভাষ্য, দেশের বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এর চেয়ে বেশি হারে পরীক্ষা ফি নেওয়ার নজির রয়েছে।

তিনি বলেন, শিক্ষকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দিয়ে পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণই সরকারের লক্ষ্য।

সম্মেলনে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম সঞ্চালনা করেন। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা) ছাইফুল ইসলাম, হলদে পাখি কমিশনার বেলা রাণী সরকার, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন