Logo

শিক্ষা

পবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে কমিটি

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৬:৪১

পবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে কমিটি

ছবি: সংগৃহীত

দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাংকিংয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অবস্থান উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো ১৩ সদস্যবিশিষ্ট ‘ইউনিভার্সিটি র‌্যাংকিং কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার  (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর  ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড.মো: আতিকুর রহমানকে কমিটির আহ্বায়ক এবং রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আরটিসি) পরিচালক প্রফেসর ড. খোকন হোসেনকে সদস্য-সচিব করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালক (আইকিউএসি), পরিচালক (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

অফিস আদেশে বলা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করা, গবেষণার মান বৃদ্ধি করা এবং দেশীয় ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি কাজ করবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও প্রতিযোগিতামূলক ও মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কমিটিকে প্রয়োজনীয় সুপারিশ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর  ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। সে লক্ষ্য অর্জনের প্রথম ধাপ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিং উন্নয়ন। এ ক্ষেত্রে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ ও স্টুডেন্ট এক্সচেঞ্জ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, একইভাবে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীরাও পবিপ্রবিতে এসে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এ উদ্দেশ্যে বিশ্বের উচ্চ র‌্যাংকিংধারী বিশ্ববিদ্যালয় গুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে আরও আধুনিক ও তথ্যসমৃদ্ধ করা, সময়োপযোগী নতুন বিভাগ ও অনুষদ চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিকীকরণের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নেও এ কমিটি কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, আইকিউএসি পরিচালক, আইসিটি সেলের পরিচালক এবং আন্তর্জাতিক শিক্ষার্থী কল্যাণবিষয়ক পরিচালক এ কার্যক্রমকে এগিয়ে নেবেন। আমাদের মূল লক্ষ্য হলো পবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করা এবং সে লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন