Logo

শিক্ষা

এইচএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার ১৭, অনুপস্থিত ২৭ হাজার

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৯:২৬

এইচএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার ১৭, অনুপস্থিত ২৭ হাজার

সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শনিবার (৪ জুলাই) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন এবং অনুপস্থিত ছিল ২৭ হাজার ৩২৭ জন।

অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ১৭ পরীক্ষার্থীর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ জন এবং ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৭ জন রয়েছেন।

সাধারণ ৯ শিক্ষা বোর্ড

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৬২০টি কেন্দ্রে ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১৯ হাজার ৬৩৯ জন।

বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বোর্ডে ৪ হাজার ৪৫৬ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৮৪৬ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৯৫৬ জন, যশোর বোর্ডে ২ হাজার ৩৬২ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৯০ জন, সিলেট বোর্ডে ১ হাজার ২৭৬ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৪৬৭ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৫১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বহিষ্কারের ঘটনায় রাজশাহী বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় মোট ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৯১ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ৫ হাজার ২০২ জন। এ বোর্ডে সর্বোচ্চ ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ২৬৩ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ২ হাজার ৪৮৬ জন এবং অসদুপায়ের দায়ে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সার্বিকভাবে দেশের সব কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণ ও সন্তোষজনক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন