চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এখন পর্যন্ত ফল প্রকাশের কোনো চূড়ান্ত বা সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী আগামী ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের ব্যস্ত থাকতে হওয়ায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে।
ফল প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আশা করছি, চলতি মাসের মধ্যেই আমাদের সব প্রস্তুতি শেষ করে ফল প্রকাশ করতে পারব ইনশাআল্লাহ।
এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।
এদিকে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

