Logo

শিক্ষা

প্রাথমিকে বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৯:৫৩

প্রাথমিকে বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট

প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মনিয়ন্ত্রণ, আত্মরক্ষার সক্ষমতা এবং শৃঙ্খলাবোধ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গতকাল শুক্রবার রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, ‘মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।’

ববি হাজ্জাজ বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য কারাতে সংগঠনগুলোর প্রতি একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রীর মতে, মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষার সক্ষমতা তৈরি করবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন