‘যৌবনের সুতোয় বাঁধা আছে প্রাণ, বন্ধু তুই আজও ভেতরের টান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে এসএসসি/সমমান-১৯৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
এতে দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আসা এসএসসি/সমমান-৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে তারা হাসি-আড্ডা, স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
পরে সবাই যোগ দেয় সদর উপজেলার কাদাই এলাকার ছোয়া রিসোর্টের মূল আয়োজনে। সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ আর বিকেলের স্ন্যাকস ছিল অন্যরকম। বিকেলে চেয়ার খেলা, বালিশ খেলাসহ বিভিন্ন আয়োজন তো ছিলই। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আতশবাঁজি এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম একই ব্যাচের হওয়ায় এ আয়োজন ভিন্নমাত্রা পায়। বন্ধুদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় উঠে আসে সিরাজগঞ্জকে এগিয়ে নিতে নানা প্রস্তাব।
আয়োজকরা জানান, এবারের বন্ধু উৎসবে এসএসসি-৯৬ ব্যাচের নিবন্ধিত ২৯৯ জনসহ প্রায় চার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। তিন দশক পর সহপাঠীদের এই পুনর্মিলনী পরিণত হয় প্রাণবন্ত, আনন্দঘন ও স্মৃতিবিজড়িত মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক আশরাফুল আলীম; যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, ডা. পারভেজ রায়হান, ফরিদুল ইসলাম ফরিদ, সুমন সরকার, মাহবুবুর রহমান মিয়া, হারুন অর রশিদ, হাজী হাফিজ, জলিমনি, শাহীন হোসেন, আব্দুল তালেব, জাকির হোসেনসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল মাস্টারকি গ্রুপ, ট্রান্সফিগার ক্লোথিং কোম্পানি, এবং মরহুম আব্দুল গফুর স্মৃতি ফাউন্ডেশন।

