Logo

শিক্ষা

এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

‘ফলাফল তোমার পরিচয় নয়, জীবন থেমে যায়নি’

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৯:৫৫

‘ফলাফল তোমার পরিচয় নয়, জীবন থেমে যায়নি’

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর পরিচয় নির্ধারণ করে না। এটি নির্দিষ্ট একটি দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় পরীক্ষার খাতায় লেখার একটি হিসাব মাত্র। জীবনের পথচলায় একটি ফলাফল কখনোই শেষ কথা নয়।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রিয় শিক্ষার্থীরা, যারা এবারের এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারনি, আজ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই।’

তিনি বলেন, ‘আমি জানি, আজকের দিনটি তোমাদের জন্য খুবই বেদনার আর হতাশার। বন্ধুদের আনন্দ, পরিবারের নীরবতা আর নিজের ভেতরের অস্বস্তি- সব মিলিয়ে মনে হতে পারে, সবকিছু বুঝি থেমে গেল। না, থামেনি। কিছুই থামেনি।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আজকের ফলাফল তোমার পরিচয় নয়। সেটি কেবল পরীক্ষার সেই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় তোমার খাতায় লেখার একটা হিসাব মাত্র। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন- এসবের কোনো নম্বর হয় না।’

অকৃতকার্য শিক্ষার্থীদের মানসিক কষ্টের বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এই সময়টি তাদের জন্য অত্যন্ত কঠিন। প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়স্বজনের তুলনা এবং সহপাঠীদের উপেক্ষা- সবকিছু মিলিয়ে অনেক শিক্ষার্থীর ওপর গভীর হতাশা ভর করতে পারে। তিনি শিক্ষার্থীদের এই পরিস্থিতিকে সাময়িক হিসেবে দেখার এবং নতুন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অভিভাবকদের প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তান হয়তো আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আপনার মুখের দিকে তাকাতে। এই মুহূর্তে আপনার একটি কঠিন বাক্য, উপেক্ষা, ভর্ৎসনার চেয়ে দরকার একটু আদর, স্নেহময় কথা। ঘরটিকে ওর জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন।’

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কেন তারা পিছিয়ে পড়েছে, সেই কারণ খুঁজে বের করা শিক্ষকদের দায়িত্ব। ব্যর্থতার দায় কেবল শিক্ষার্থীর নয়, এর সঙ্গে শিক্ষা ও পারিপার্শ্বিক ব্যবস্থারও সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অকৃতকার্য শিক্ষার্থীদের নতুন করে স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রিয় শিক্ষার্থীরা, তোমার জীবনের গল্প আজ শেষ হয়নি। একসময় দেখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখনো লেখা হয়নি। অনেক দিন পরে যখন তুমি জীবনে সফল হবে, তখন আজকের দিনের দিকে তাকিয়ে মনে হবে- অযথাই তুমি হতাশ হয়েছিলে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, তোমরা একদিন এই দুর্ভাগা দেশকে নক্ষত্রের পথে উড়িয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের সেই যাত্রায় শিক্ষা মন্ত্রণালয় তোমাদের পাশে আছে, ছিল, থাকবে।’

এর আগে, গতকাল সোমবার (১০ আগস্ট) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার।

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী তার প্রাপ্ত ফলাফলে অসন্তুষ্ট হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগও রাখা হয়েছে। মঙ্গলবার থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন