ইউল্যাবে আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৮:৩৮
ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ দুই দিনব্যাপী ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল সমাপ্তি হয়েছে।
ইউল্যাবের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ (ডিইএইচ) আয়োজিত এ সম্মেলন ১৩–১৪ আগস্ট অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মানি টকস: কনজিউমারিজম অ্যান্ড ক্যাপিটালিজম ইন লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ’ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে তাদের সম্মিলিত সৃজনশীলতা, মেধা ও প্রচেষ্টার প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং তাদের প্রতিভাকে আরও পরিশীলিত করে বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর জন্য উৎসাহিত করেন।
তিনি উল্লেখ করেন, নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে সৃজনশীলতার চর্চা করলে তা যে কারো সাফল্যের পথ তৈরি করতে পারে। বিশেষ অতিথি ইউল্যাবের সামার ডিস্টিংগুইশড প্রফেসর ড. আজফার হোসেন-ও এই ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন।
তিনি অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন এবং তার কবিতা Cash-এর নাটকীয় আবৃত্তির মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
উপাচার্য, বিশেষ অতিথি, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন অধ্যাপক কায়সার হক এবং ডিপার্টমেন্ট চেয়ার আরিফা গনি রহমান, বিচারকদের সঙ্গে নিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড. মাহ্রুবা মৌটুসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিস শেহরীন আতাউর খান, আইইউবির অধ্যাপক বখতিয়ার আহমেদ, গবেষক, লেখক ও অনুবাদক মিস টিনা নন্দী, বটতলার প্রধান নির্বাহী মোহাম্মদ আলী হায়দার, এআইইউবির দিপ্তী রহমান এবং শিল্পী ওয়াকিলুর রহমান ও ফারিহা জেবা।
বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। একাডেমিক প্রেজেন্টেশনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তাসনিম তামান্না চ্যাম্পিয়ন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের রাইসা আনান রানার-আপ হন।
এক্সটেম্পোর স্পিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিয়াম আহমেদ বিজয়ী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাসফিয়া আহসান রানার-আপ হন।
কসপ্লেতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের তাহসিন জাহান ফাইজা বিজয়ী এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মাহিনূর আক্তার মাইশা রানার-আপ হন।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ‘ওয়েটিং ফর ট্রায়াল’ নাটকের জন্য চ্যাম্পিয়ন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘দ্য আরওআই অব ডেথ’ নাটকের জন্য রানার-আপ হয়। ডিইএইচ ইন্টার-ইউনিভার্সিটি স্টুডেন্ট কনফারেন্স অ্যান্ড কালচারাল কম্পিটিশন প্রতি বছর শিক্ষার্থীদের জন্য একাডেমিক জ্ঞানচর্চা ও সৃজনশীল অভিব্যক্তির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হয়।
এ বছর দেশের বিভিন্ন প্রান্তের ২৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এ আয়োজনে অংশগ্রহণ করে।
বাংলাদেশের খবর/আরইউ

