এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
আবেদনকারীদের নিবন্ধিত মুঠোফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে। নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল দেখা যাচ্ছে।
এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এরপর ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর প্রকাশ করা হলো পুনঃনিরীক্ষণের ফল।
পুনঃনিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারায় মোট আবেদনের সংখ্যা আরও বেশি হয়।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে আবেদন হয় ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এর আগে জানিয়েছিলেন, এবার প্রথমবারের মতো পুনঃনিরীক্ষণের পাশাপাশি উত্তরপত্র পুনর্মূল্যায়নও করা হয়েছে।
আগে পুনঃনিরীক্ষণের সময় মূলত নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করা হতো। এবার আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করায় ফলাফলে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে বলে শিক্ষা বোর্ড জানিয়েছে।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এছাড়া কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা পড়ে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মূল ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের রেকর্ডসংখ্যক আবেদনের পর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের এ ফল প্রকাশ করা হলো।
বাংলাদেশের খবর/এইচআর

