Logo

শিক্ষা

কওমি মাদরাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১

অ
কওমি মাদরাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

কওমি মাদরাসার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের নির্দেশনা বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’-এর উদ্যোগে জামিয়া ইসলামিয়া ওয়াহিদীয়া মাদরাসাসংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি থেকে বিরত রাখা, শরয়ি সীমার মধ্যে থেকে সহমর্মিতাপূর্ণ শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আত্ম-উন্নয়নে করণীয় বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন রাজধানীর জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী আজহারী।

আলোচকরা বলেন, কওমি শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক চরিত্র গঠন করা। তাই কোনো অবস্থাতেই ক্ষোভ বা রাগের বশে শিক্ষার্থীদের শারীরিক কিংবা মানসিকভাবে নির্যাতন করা যাবে না। শিক্ষার্থীদের সুস্থ বিকাশ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা প্রতিষ্ঠান ও শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব।

শিক্ষকদের সুন্নাহভিত্তিক তরবিয়াত ও কোমল আচরণের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা করেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুরের আওতাভুক্ত বিভিন্ন মাদরাসার শিক্ষক ও পরিচালকরা অংশ নেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন