Logo

শিক্ষা

সন্ধ্যার নীরবতা ভেঙে গণ বিশ্ববিদ্যালয়ে কাওয়ালির সুর

Icon

জান্নাতুল লামিশা, গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৭:১০

অ
সন্ধ্যার নীরবতা ভেঙে গণ বিশ্ববিদ্যালয়ে কাওয়ালির সুর

ছবি: সংগৃহীত

সন্ধ্যা হতেই গণ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ যেন হয়ে পড়ে প্রাণহীন। তবে সেই ধারাবাহিকতায় ব্যতিক্রম হয়ে ক্যাম্পাসে প্রাণ ফিরে আসে। সন্ধ্যার আলোয় ঝলমলে ট্রান্সপোর্ট চত্ত্বর। চারদিকে আলোকসজ্জা, মঞ্চজুড়ে সুরের আয়োজন আর শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

ক্যাম্পাসের চেনা পরিবেশ ছাপিয়ে সেদিন সন্ধ্যা যেন মেতে উঠেছিল কাওয়ালির সুরে। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কাওয়ালি সন্ধ্যা’।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) উদ্যোগে এ আয়োজন করা হয়। কাওয়ালি সন্ধ্যাকে কেন্দ্র করে আলোকসজ্জায় সাজানো হয় পুরো ট্রান্সপোর্ট চত্বর। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। কাওয়ালির ঐতিহ্যবাহী সুর আর সংগীতের আবহে ক্যাম্পাসে তৈরি হয় ভিন্নধর্মী এক সাংস্কৃতিক পরিবেশ। অনুষ্ঠানে কাওয়ালি ও সংগীত পরিবেশন করে সুনামধন্য ব্যান্ড সুফিতান ও অভ্রভূমি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সংগীত পরিবেশনায় অংশ নেন। শিল্পীদের পরিবেশনায় দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

অনুষ্ঠানে অংশ নিতে আসা শিক্ষার্থী জাহিন ইলতেমাস বলেন, গকসুর এমন আয়োজন প্রশংসনীয়। সেমিস্টার জুড়ে ক্লাসের সময়সূচি ও পরীক্ষার ক্লান্তির মাঝে এমন আয়োজন প্রফুল্ল করে তুলে। সংস্কৃতি চর্চার সুন্দর এক সন্ধ্যা ক্যাম্পাস জীবনের অনন্য স্মৃতি হয়ে থাকবে সবসময়।

আয়োজনের বিষয়ে গকসু’র সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মারুফ বলেন, ‘৩৬ জুলাইয়ের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে কাওয়ালি আয়োজনের একটি ধারা চালু হয়েছে, তার অনুপ্রেরণায় আমাদেরও বহুদিনের চেষ্টা ছিল একটি কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা। আজ সুফিতান ও অভ্রভূমির মতো ব্যান্ডকে নিয়ে আমরা সেই আয়োজন করতে পেরেছি। শিক্ষার্থীরাও অনুষ্ঠানটি উপভোগ করেছেন।’

গকসু'র সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘অনেক দিন ধরেই শিক্ষার্থীদের চাহিদা ছিল একটি কাওয়ালি সন্ধ্যার। তাই আজকের এই আয়োজন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন।’

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন