ছবি : সংগৃহীত
নতুন নতুন গানে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ঢাকার একটি সড়কের ওপর সাধারণ মানুষের সঙ্গে জুমার নামাজ পড়ে।
একটি কনসার্টে গান গাওয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন আতিফ। এরপর শুক্রবার মসজিদে জায়গা না পেয়ে সড়কেই জুমার নামাজে অংশ নেন তিনি।
আর এই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়- একটি সড়কে সাধারণ মানুষের কাতারে মাস্ক পরিহিত অবস্থায় নামাজ আদায় করছেন পাকিস্তানি এ তারকা।
আতিফের এমন সাদামাটা আচরণে অনেকেই মুগ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় শিল্পীকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।
শুক্রবার আর্মি স্টেডিয়ামে ম্যাজিকাল নাইট ২.০ শিরোনামে একটি কনসার্টে পারফর্ম করতে বাংলাদেশে আসেন আতিফ আসলাম। এর আগেও তিনি এ দেশে এসেছেন। বাংলাদেশের প্রতি তার ভীষণ ভালোলাগা কাজ করে- এমনটা তিনি আগেও জানিয়েছেন বেশ কয়েকবার। এমনকি এবারের আয়োজনে মঞ্চে উঠে গায়ক বলেছেন, ‘বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি।’
এফএটি/বিএইচ

