লাল শাড়িতে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় আলো ছড়াচ্ছেন দেশীয় অভিনেত্রী মেহজাবীন। সঙ্গে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় বসেছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। যেখানে দেশ বিদেশের নামীদামী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে বাংলাদেশের জনপ্রিয় মুখ মেহেজাবীন চৌধুরীকে। এবারের এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মাকসুদ হোসাইন নির্মিত ও মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা 'সাবা'।
৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে এ উৎসবে।
তবে এ উৎসব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে রয়েছেন মেহেজাবীন। এর আগে হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টদের সঙ্গে ফ্রেমবন্দি হন মেহজাবীন। আর আজ (রোববার) তাকে লাল শাড়িতে দেখা গেছে বলিউড তারকা রণবীর কাপুরের সাথে সেলফিতে।
একই দিনে আয়োজনটির লাল গালিচায় হাঁটেন রণবীর ও মেহজাবীন। শুধু তাই নয়, আজই প্রদর্শিত হবে তার ‘সাবা’ সিনেমাটি। বলা বাহুল্য জেদ্দায় বেশ ভালো সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের এ উৎসবে ‘সাবা’র তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) ‘সাবা’র প্রথম প্রদর্শনীর পর ৯ ও ১৪ ডিসেম্বর একই স্থানে আরও দুবার দেখানো হবে সিনেমাটি।
এফএটি/এমজে

