১০০ কোটির ক্লাবে যাবে ‘বরবাদ’, সিনেমার পোস্টার উন্মোচনে শাকিব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:২২
মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘বরবাদ’ এর প্রথম পোস্টার আজ রাজধানীতে উন্মোচিত হয়েছে।
শাকিব খান ছবিটি নিয়ে অত্যন্ত আশাবাদী, তিনি জানিয়েছেন যে এই সিনেমাটি আগের সব ছবিকে ছাড়িয়ে যাবে। শাকিব বলেন, একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে, আর সেই দিন বেশি দূরে নয়, যখন আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে।
শুটিংয়ের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, যা গত অক্টোবর থেকে মুম্বাইয়ে একমাস ধরে চলেছিল। আপাতত শুটিং বিরতিতে রয়েছে সিনেমার টিম।
পোস্টার উন্মোচনের পর সিনেমার মোশন পোস্টারও প্রকাশ করা হয়, যেখানে রক্তাক্ত মুখে পিস্তল হাতে শাকিব খানকে দেখা যায়।
এই ছবির মাধ্যমে শাকিব খান ও ইধিকা পাল আবারও পর্দায় ফিরছেন। এছাড়া, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ‘বরবাদ’ সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এফএটি

