পুষ্পা ঝড়ে পশ্চিমবঙ্গেই হল পাচ্ছে না দেবের সিনেমা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০২
ভারতে ডিসেম্বরের শুরুতে মুক্তি পায় ‘পুষ্পা-২’। গোটা মাসজুড়ে প্রেক্ষাগৃহে রাজত্ব করছে এই সিনেমা। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। পুষ্পা-২ ঝড় না থামায় বড়দিনে মুক্তি পেতে যাওয়া টালিউডের তিনটি নতুন বাংলা সিনেমা কোণঠাসা অবস্থায়। এর মধ্যে অন্যতম দেবের ‘খাদান’। যা ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।
ছবি মুক্তির আগে বুধবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন দেব। তিনি নাম না করেই দক্ষিণী ছবি ‘পুষ্পা-২’ এর দিকে আঙুল তোলেন। জানান, অন্য ভাষার ছবি প্রেক্ষাগৃহ দখল রাখায় ‘খাদান’-এর অগ্রিম বুকিং এখনো শুরু হয়নি।
পশ্চিমবঙ্গের প্রিয়া প্রেক্ষাগৃহের কর্ণধার অরিজিৎ দত্ত জানান, বড়দিন উপলক্ষে চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। যার মধ্যে ‘খাদান’ প্রিয়ায় দেখানো হবে। তবে শো বরাদ্দ নিয়ে এখনো আলোচনা চলছে।
দক্ষিণী ছবি ‘পুষ্পা-২’-এর নায়ক আল্লু অর্জুন সম্প্রতি আইনি সমস্যায় পড়েছেন, যেখানে তার ছবি দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে ছবির প্রচার বেড়ে গেলেও, বাংলা ছবিগুলির জন্য প্রেক্ষাগৃহ পাওয়া কঠিন হয়ে পড়েছে।
টালিউডে গুঞ্জন, দেবের ‘খাদান’ ছাড়াও ‘সন্তান’ ও ‘চালচিত্র’ সিনেমার একই অবস্থা। এ সিনেমাগুলো যথাযথভাবে শো পাচ্ছে না।
দেব তার পোস্টে রাজ্যের হল মালিক ও পরিবেশকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, শুধু অগ্রিম বুকিং নয়, নির্দিষ্ট সংখ্যক শো পাওয়া নিয়েও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
‘খাদান’ ছবির পরিচালক সুজিত রিনো দত্ত অবশ্য আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমার কাজ ছবি পরিচালনা। সেখানে কোনো ফাঁকি নেই, দুটো দিন যাক ‘খাদান’ নিজের জোরেই প্রেক্ষাগৃহে জায়গা পাবে।’
এফএটি/ওএফ

