ছবি : সংগৃহীত
মধ্যরাতে রাজধানীর মিরপুরে ছিনতাইকারীর মুখোমুখি হলেন তরুণ সংগীতশিল্পী ও কুঁড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান। বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন তিনি।
তাসরিফ জানান, ব্যান্ডের জ্যামিং সেশন শেষে রাতে মিরপুর ২ নম্বরে খাবার হোটেলের দিকে যাচ্ছিলেন। এসময় ওভারব্রিজের পাশে ৫-৬ জন ব্যক্তিকে একজন লোকের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখেন। লোকটি খালি গায়ে পালানোর চেষ্টা করছিল এবং চিৎকার করে সাহায্য চাইছিল। তাসরিফ ও তার ব্যান্ডের সদস্যরা লোকটির দিকে এগিয়ে যান এবং ছিনতাইকারীরা তাদের সামনে আসে। প্রথমে তারা দাবি করে লোকটি মাদক ব্যবসায়ী। তবে তাসরিফ দ্রুত বুঝতে পারেন যে, লোকটি মাদক ব্যবসায়ী নয় বরং সে নিজেই ছিনতাইকারীর কবলে পড়ে সবার সাহায্য চাইছে।
ঘটনার গুরুত্ব বুঝে তাসরিফ ছিনতাইকারীদের গাড়ির নাম্বার (ঢাকা মেট্রো-গ ২৫৪৬৩৩) থানায় জানালে পুলিশ তদন্ত শুরু করে। তবে পরে জানা যায়, গাড়িটি স্থান ত্যাগ করেছে এবং পুলিশ তাদের ধরতে পারেনি।
তাসরিফ খান বলেন, ঢাকার বিভিন্ন স্থানে সিসিটিভি আছে। এছাড়া পুলিশের কাছে গাড়ির নাম্বারও আছে, তবু অপরাধীরা এখনো ধরা পড়েনি।
ঢাকার রাস্তায় নিরাপত্তাহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাসরিফ লিখেন, ‘রাতে একা চলাচল থেকে বিরত থাকুন এবং পরিবারকে সতর্ক করুন, কারণ নিরাপত্তার ঝুঁকি প্রতিদিন বাড়ছে।’
ডিআর/এফএটি/এটিআর

