গুজবে বিরক্ত ওমর সানী
‘অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫
বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় পর্দার জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘদিন ধরে তারা আলাদা দেশে বসবাস করায় মাঝেমধ্যেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়ায়। কখনো কখনো বিচ্ছেদের কথাও শোনা যায়। এসব গুজবে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী।
সম্প্রতি একটি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। ওমর সানী বলেন, ‘অনেকে বলে, আমরা সেপারেট হয়ে গেছি— এ রকম নানা কথা শুনি। এসব নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কিছু বাজে মানসিকতার মানুষ আছে, যারা অসভ্যের মতো এমন কথা বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।’
এর আগেও মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্ট অনুষ্ঠানে একই প্রশ্নের মুখে পড়েন তিনি। সেখানে ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, অনেকেই নিজেকে জ্যোতিষী মনে করেন। যার যা ইচ্ছা তাই বলেন। কেউ কেউ তো ডিভোর্সের কাগজ দেখতে চায়। এসব বিষয় নিয়ে আর কথা বলার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়েও পরিষ্কার ব্যাখ্যা দেন ওমর সানী। তিনি জানান, তার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে রয়েছেন। পাশাপাশি তাদের মেয়েও যুক্তরাষ্ট্রে থাকেন, তাকেও দেখাশোনা করতে হয়। পরিবারের জন্য এই ত্যাগ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
ওমর সানী আরও বলেন, মৌসুমী মায়ের জন্য অনেক কষ্ট করছে। তারা প্রতিদিনই পারিবারিক গ্রুপে কথা বলেন। খুব শিগগিরই একসঙ্গে দেখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অভিনেতা।
উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শারীরিক দূরত্ব থাকলেও তাদের সম্পর্ক যে আগের মতোই অটুট, তা বারবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওমর সানী।
এসএসকে/

