Logo

বিনোদন

আসছে ‘ম্যায় হু না ২’, এবার দৈত চরিত্রে শাহরুখ খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২

আসছে ‘ম্যায় হু না ২’, এবার দৈত চরিত্রে শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খানকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে— এই অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত ছবি ‘কিং’। আর এই ছবির পরই শাহরুখের পরবর্তী প্রজেক্ট নিয়ে বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা। সেই আলোচনার মাঝেই সামনে এলো বড় এক চমকের খবর— ফিরতে পারে জনপ্রিয় ছবি ‘ম্যায় হু না’র সিক্যুয়াল।

বলিউডের অন্দরমহলে গুঞ্জন, প্রায় এক যুগ পর আবারও পরিচালক ফারাহ খানের সঙ্গে কাজ করতে পারেন শাহরুখ খান। তাদের সম্ভাব্য এই নতুন ছবি হতে পারে ২০০৪ সালের সুপারহিট ‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি। শাহরুখ-ফারাহ জুটি মানেই বক্স অফিসে ঝড়— এটা আগেও প্রমাণিত হয়েছে। ‘ম্যায় হু না’র পর ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’— সব ছবিই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে।

সূত্রের খবর, ‘ম্যায় হু না ২’-এ শাহরুখ খানকে দেখা যেতে পারে দ্বৈত চরিত্রে। দুটি সম্পূর্ণ ভিন্ন রূপে তাকে উপস্থাপনের পরিকল্পনা করেছেন ফারাহ খান, যা নাকি অভিনেতাকেও বেশ আগ্রহী করে তুলেছে। ছবির গল্পে থাকবে দেশাত্মবোধের আবহ, সঙ্গে অ্যাকশন ও হালকা কমেডির মিশেল। ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করেই এগোবে কাহিনি। মূল ছবির আবেগ ধরে রেখেই গল্পকে আধুনিক ঢঙে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, ছবিটির মূল গল্পের ধারণা দিয়েছেন শাহরুখ খান নিজেই। চিত্রনাট্য লিখছেন আকাশ কৌশিক। তবে এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। শাহরুখের ব্যস্ত শুটিং সূচির কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগতে পারে।

ঘনিষ্ঠ সূত্র জানায়, চলতি বছরের মে মাসে ‘কিং’-এর শুটিং শেষ করার পর ‘ম্যায় হু না ২’-এর পূর্ণাঙ্গ গল্প শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শাহরুখ খান।

উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হু না’ পরিচালনা করেছিলেন ফারাহ খান। ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান। কলেজ ছাত্র সেজে গোপন মিশনে নামা মেজর রাম প্রসাদ শর্মার চরিত্র আজও দর্শকদের কাছে আইকনিক হয়ে আছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহরুখ খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর