বিটিএস ভক্তদের জন্য সুখবর, হাতের মুঠোয় অত্যাধুনিক ‘লাইট স্টিক’
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯
বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয় কে-পপ ব্যান্ড বিটিএস মানেই তরুণ প্রজন্মের কাছে এক ভিন্ন আবেগ। নিজেদের গান আর নাচের জাদুতে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই ব্যান্ডটি এবার ‘আর্মি’দের (বিটিএস ভক্তদল) জন্য নিয়ে এল এক নতুন চমক। ‘আরিরাং’ (ARIRANG) যুগকে স্বাগত জানাতে ভক্তদের উপহার হিসেবে দলটি উন্মুক্ত করেছে তাদের ‘অফিসিয়াল লাইট স্টিক ভার্সন ৪’।
নতুন এই সংস্করণে যুক্ত করা হয়েছে একাধিক আধুনিক ফিচার এবং সম্পূর্ণ নতুন একটি ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, যা কনসার্টের অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক অন্য উচ্চতায়। ২০২০ সালে প্রকাশিত ‘ম্যাপ অব দ্য সোল স্পেশাল এডিশন’ লাইট স্টিকেরই উন্নত সংস্করণ এটি। নতুন ডিজাইন, ক্রেডল এবং আনুষঙ্গিক যন্ত্রাংশের পাশাপাশি এতে বিশেষ গুরুত্ব পেয়েছে প্রযুক্তির ব্যবহার। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে একটি বিশেষ অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে এখন থেকে কনসার্টের আগেই ভক্তরা নিশ্চিত হতে পারবেন তাদের লাইট স্টিকটি সঠিকভাবে পেয়ার বা সংযুক্ত হয়েছে কি না। অ্যাপটিতে ভেন্যু ম্যাপ এবং পেয়ারিং বুথের অবস্থানও দেখা যাবে। কনসার্ট চলাকালীন এই প্রযুক্তির জাদুতে পুরো ভেন্যু জুড়ে একসঙ্গে জ্বলে উঠবে হাজারো লাইট স্টিক। এমনকি কোনো কারণে পেয়ারিং সম্পন্ন না হলেও শো-এর নির্দিষ্ট কিছু অংশে স্বয়ংক্রিয় ওয়্যারলেস কন্ট্রোল কার্যকর থাকবে।
শুধু কনসার্টেই নয়, ঘরে বসেও এই লাইট স্টিক ব্যবহারের সুযোগ থাকছে। অ্যাপের ‘কালার শেকিং’ ফিচারের মাধ্যমে এটি নাড়ালে স্বয়ংক্রিয়ভাবে রঙের পরিবর্তন হবে। ক্রেডলের সাহায্যে এটি ঘরের ‘মুড ল্যাম্প’ হিসেবেও ব্যবহার করা যাবে। এছাড়া অ্যাপে সংরক্ষিত থাকবে ব্যবহারকারীর কনসার্টে অংশ নেওয়ার ইতিহাস।
এমএন

