নির্বাচনে ‘না’ ভোট দেবেন ন্যান্সি, নেটিজেনদের সমালোচনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, আসন্ন ভোটে তিনি ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোর প্রচার চলছে, ঠিক তখন তার এই ঘোষণা নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
ন্যান্সির এ অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সমর্থন জানালেও, অনেকে তাকে সমালোচনার মুখে ফেলেছেন। তবে এসব সমালোচনায় বিচলিত না হয়ে নিজের মতেই অটল রয়েছেন এই স্পষ্টভাষী শিল্পী।
এর আগেও রাজনৈতিক মতাদর্শ নিয়ে খোলামেলা কথা বলেছেন ন্যান্সি। তিনি দাবি করেছেন, তার রাজনৈতিক অবস্থানের কারণে অতীতে বেশ কয়েকটি কনসার্ট বাতিল হয়েছে। তবু তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি।
বিনোদন অঙ্গনের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন এই শিল্পী। তার ভাষ্য, শিল্পীদের এমপি-মন্ত্রী হওয়ার আগ্রহ কেন— সেটি তিনি বোঝেন না। গান বা অভিনয় করে যথেষ্ট সম্মান ও পারিশ্রমিক পাওয়া যায় বলেও মত দেন তিনি। তার মতে, কেবল জনপ্রিয়তার জোরে কাউকে মনোনয়ন দেওয়া উচিত নয়; দীর্ঘদিন রাজনৈতিক মাঠে কাজ করার অভিজ্ঞতা থাকলে তবেই জনপ্রতিনিধিত্বের সুযোগ পাওয়া উচিত।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ন্যান্সি বলেন, আপাতত তার এমন কোনো ইচ্ছা নেই। তবে যে রাজনৈতিক দলকে তার ভালো লাগে, স্বাভাবিকভাবেই তিনি চাইবেন তারা ক্ষমতায় আসুক। শেষ পর্যন্ত সিদ্ধান্ত জনগণের হাতেই— এমন মন্তব্যও করেন তিনি।
ভোটারদের উদ্দেশে ন্যান্সি আহ্বান জানান, অতীতে যারা বাকস্বাধীনতা হরণ, গুম বা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল— তাদের বিষয়ে ভাবনা-চিন্তা করেই ভোট দেওয়ার। একই সঙ্গে তিনি বলেন, কেবল তারকা পরিচয়ের ভিত্তিতে কাউকে মনোনয়ন না দিয়ে যোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত।

