বলিউডে অভিষেকের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর। তার অভিনীত রাজনৈতিক থ্রিলার সিরিজ জ্যাজ সিটি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।
আসন্ন ঈদ উপলক্ষে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ ইতোমধ্যে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেছে। হিন্দি ও ইংরেজির পাশাপাশি প্রথমবারের মতো বাংলা ভাষাতেও কোনো সিরিজ প্রকাশ করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি, যা বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
সিরিজটি পরিচালনা করেছেন সৌমিক সেন। এতে কেন্দ্রীয় চরিত্র জিমি রয় হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে, যার জীবন ঘিরেই আবর্তিত হয়েছে গল্পের মূল ঘটনাপ্রবাহ। প্রকাশিত ফার্স্ট লুকে তাকে কখনো পরিপাটি স্যুটে, আবার কখনো নাচে মগ্ন রেট্রো স্টাইলে দেখা গেছে। সত্তরের দশকের আবহ তুলে ধরতে তার চুল ও পোশাকেও রাখা হয়েছে বিশেষ বৈশিষ্ট্য।
নিজের চরিত্র নিয়ে শুভ বলেন, গল্পটিতে সংলাপের পাশাপাশি সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়, অনুভূতি ও পরিস্থিতির টানাপোড়েন প্রকাশ পায় সঙ্গীত, নীরবতা ও সংলাপের সমন্বয়ে।
টিজার থেকে জানা গেছে, সিরিজটির প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া আরও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহা।
সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরিফিন শুভর এই নতুন কাজ ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এসএসকে/

