ছবি: সংগৃহীত
বলিউডের অন্যতম সফল পরিচালক অনুরাগ কাশ্যপ এবার বলিউড ছেড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। গুণী এ নির্মাতা তাঁর ব্যতিক্রমী কাজের জন্য পরিচিত হলেও, সাম্প্রতিক সময়ে বলিউডের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি তাঁকে হতাশ করেছে।
অনুরাগ কাশ্যপ জানিয়েছেন,‘বর্তমানে সিনেমা শুরুর আগেই কীভাবে তার প্রচার করা হবে এবং লাভের পরিমাণ কত হতে পারে তা স্থির হয়ে যাচ্ছে। এটাই আমার হতাশার কারণ।’ তিনি মনে করেন, এই বাণিজ্যিক চাপ সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করছে এবং সিনেমার মান কমিয়ে দিচ্ছে।
তার কথায়,‘দক্ষিণে এখনও সিনেমা তৈরির মধ্যে আনন্দ আছে। দক্ষিণী ইন্ডাস্ট্রির কাজের স্বাধীনতা ও সৃজনশীলতা তাকে আকৃষ্ট করেছে। কিন্তু মুম্বাই ইন্ডাস্ট্রির কাজ নিয়ে আমি অত্যন্ত হতাশ। এখানে শুধুই রিমেক চলছে, নতুন কোনো সৃষ্টিশীলতা নেই।’ চলতি বছরই যে মুম্বাই ছেড়ে পাকাপাকিভাবে দক্ষিণ ভারতে চলে যাবেন, সাক্ষাৎকারে সেটাও স্পষ্ট করে জানিয়ে দেন তিনি।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে মুম্বাইতে আসার পর অনুরাগের জীবন খুবই কঠিন ছিল। একাধিক সিনেমার কাজ বন্ধ হয়ে গিয়েছিল, চিত্রনাট্য লেখার কাজও ঠিকমতো পাচ্ছিলেন না। এমনকি ফুটপাতে শুয়ে থাকতে হতো তাকে। তবে এখন সেই কঠিন সময় পেরিয়ে সফল পরিচালক হয়ে উঠলেও, সৃজনশীলতার খোঁজে বলিউড ছেড়ে নতুনভাবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করতে চলেছেন অনুরাগ কাশ্যপ।
এফএটি

