স্কুইড গেম ৩-এ থাকছেন না লিওনার্দো ডিক্যাপ্রিও
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৭:২৮
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সিরিজ স্কুইড গেম ৩-এ থাকবেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এমন একটি গুজব বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। তবে সম্প্রতি নেটফ্লিক্স থেকে এর সত্যতা নিয়ে নিশ্চিত করা হয়েছে।
নেটফ্লিক্সের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, ‘এটি একটি গুজব যা সম্পূর্ণ মিথ্যা। স্কুইড গেম সিজন ৩-এ লিওনার্দো ডিক্যাপ্রিওর জড়িত থাকার সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন।’
আর এ ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার একটি গণমাধ্যম । এর আগে তারা জানায় যে, লিওনার্দো ডিক্যাপ্রিও স্কুইড গেমের তৃতীয় সিজনে উপস্থিত হবেন। এমনকি ২০২৪ সালে গোপনে চিত্রগ্রহণও সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছিলেন তারা।
নেটফ্লিক্স ইতোমধ্যেই ঘোষণা করেছে যে স্কুইড গেম সিজন ৩ ২০২৫ সালে প্রকাশ্যে আসবে। স্কুইড গেম ২ মুক্তির প্রথম সপ্তাহেই ৬৮ মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা নেটফ্লিক্সের ইতিহাসে প্রথম।
সিজন ৩-এর টিজার পোস্টারে জনপ্রিয় গেম রেড লাইট, গ্রিন লাইট-এর রোবট ইয়াং হিকে দেখানো হয়েছে। এছাড়াও একটি নতুন রোবট চরিত্র চিওল সু-ও রয়েছে। সিজন ২ এর সমাপ্তির পোস্ট-ক্রেডিট দৃশ্যে যার একটি ঝলক দর্শক দেখেছেন।
এফএটি

