ছবি: সংগৃহীত
জন্মদিনে নিজের নতুন সিনেমা ‘জংলি’-র ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে আলোচনায় আসা এই সিনেমাটি গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে নতুন বছরের প্রথম দিনেই সিয়াম জানিয়েছেন, ২০২৫ সালে সিনেমা হলে মুক্তি পাবে ‘জংলি’।
এই চরিত্রের জন্য পুরো এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছেন সিয়াম। ‘জংলি’ লুকে সিয়াম তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘জংলি’ আমার জীবনে তেমনই একটি চরিত্র যাকে আমি নিজের সর্বস্ব দিয়ে যাপন করতে চেয়েছি। প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটিনি, কারণ আমি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি।
তিনি আরও বলেন, ‘২০২৪ সালে সবটুকু ‘জংলি’র নামে করে দিয়েছি, আর ২০২৫ সালে সিনেমাটি নিয়ে আসছি। দারুণ চমক নিয়ে ‘জংলি’ আসছে সিনেমা হলে, আপনারা সিনেমা হলে আসবেন। আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমাহলে বসে, এটাই আমার কামনা।’
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় রোমান্স, অ্যাকশন, ড্রামা ও সাসপেন্স সব কিছুই থাকছে। সিনেমাটির শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।
সিয়ামের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়া প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
এফএটি

