সিনেমার মাধ্যমে মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি তাদের কাছে ঋণী : ববিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশে পদক গ্রহণ করেছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পদক গ্রহণের পর মিলনায়তনে উপস্থিত ভক্ত ও সুধীজনদের সঙ্গে সময় কাটান ববিতা। হাসিমুখে সবার সঙ্গে ছবি তোলেন তিনি। পুরো সময় তার পাশে ছিলেন ছোট বোন ও জনপ্রিয় চিত্রনায়িকা চম্পাসহ পরিবারের সদস্যরা।
রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননা পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় ববিতা বলেন, ‘অবশেষে একুশে পদক পেলাম। আমাকে এই সম্মানে ভূষিত করায় রাষ্ট্র, দেশের মানুষ এবং দর্শকদের প্রতি আমি মন থেকে কৃতজ্ঞ। সিনেমার মাধ্যমে মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি তাদের কাছে ঋণী।’
নিজের এই অর্জন প্রখ্যাত চলচ্চিত্রকার ও শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানকে উৎসর্গ করেছেন ববিতা। তিনি বলেন, জহির রায়হানের হাত ধরেই তার চলচ্চিত্রে পথচলা শুরু হয়েছিল, তাই এই সম্মান তিনি তার স্মৃতির প্রতি উৎসর্গ করছেন।
এসএসকে/

