পবিত্র রমজান মাসকে ঘিরে নতুন ইসলামিক গান প্রকাশ করেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তাদের নতুন গানের শিরোনাম ‘ইয়া রাসূল আল্লাহ’।
‘যাব আমি যাব আমি যাব মদিনায়, দুহাত তুলে করব দোয়া নবীরও রওজায়’— এমন কথায় মুসলমানদের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা ফুটিয়ে তুলেছেন জীবন। আরবীয় ঘরানার সুর ও সংগীতায়োজনে গানটিকে ভিন্ন আবহ দিয়েছেন ইমরান। এতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী তানজিলা মিম। গানের ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা।
গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘মুসলমানদের প্রাণের স্পন্দন মহানবী হজরত মোহাম্মদ (সা.)। সবার মনেই নবীর রওজা জিয়ারতের ইচ্ছে থাকে। সেই অনুভূতি থেকেই গানটি রচনা করা হয়েছে। রমজান উপলক্ষে গানটি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। তার বিশ্বাস, গানটির কথা ও সুর শ্রোতাদের মনে আলাদা প্রশান্তি এনে দেবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইমরানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, আগেও জীবন-ইমরান জুটির একাধিক ইসলামিক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘করো ইবাদত’, ‘আল্লাহ মেহেরবান’ ও ‘আজানের ওই পবিত্র সুর’। সব মিলিয়ে তাদের যৌথ গানের সংখ্যা ইতোমধ্যে শতাধিক, যার মধ্যে অনেক গানই জনপ্রিয়তা অর্জন করেছে।
এসএসকে/

