Logo

বিনোদন

স্ত্রীর মৃত্যুর ঘটনায় বিস্ফোরক তথ্য দিলেন জাহের আলভী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৫০

স্ত্রীর মৃত্যুর ঘটনায় বিস্ফোরক তথ্য দিলেন জাহের আলভী

নিজের স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় এবার বিস্ফোরক তথ্য দিলেন অভিনেতা জাহের আলভী। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তদন্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখার আহ্বান জানান।

স্ট্যাটাসে জাহের আলভী লেখেন, আইনের প্রতি পূর্ণ সম্মান রেখেই তিনি বলতে চান— সুষ্ঠু বিচারে আইন তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে, তা তিনি মেনে নেবেন। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য তিনি সামনে আনতে চান, যাতে ভবিষ্যতে কোনো অন্যায় বা ভুল বোঝাবুঝি হলে তা যাচাই করা সম্ভব হয়।

তিনি দাবি করেন, তার বাসার ড্রইং কাম ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। ওই ক্যামেরার এক্সেস ছিল তার স্ত্রী ইকরার মোবাইলে। বর্তমানে ইকরার মোবাইল ফোন পুলিশ হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জাহের আলভীর ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের তিন দিন— ২৫, ২৬ ও ২৭ তারিখ সন্ধ্যার পর তার বাসায় ইকরার কয়েকজন বন্ধু ও বান্ধবী এসেছিলেন। তিনি জানান, এসব ঘটনার ভিডিও সিসিটিভি ফুটেজে রয়েছে বলে তার সহকারী তাকে জানিয়েছেন। ওই সময় বাসায় ধূমপান ও মদ্যপানের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়ে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ফুটেজ যেন কোনোভাবেই নষ্ট বা মুছে ফেলা না হয়, সে বিষয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া ইকরার মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ, কললিস্ট এবং কথোপকথনের তথ্যও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আলভী। তিনি বলেন, এসব তথ্য ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে সত্য উদঘাটন করা সম্ভব।

পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও তিনি কথা বলেন। তার দাবি, মৃত্যুর আগে যদি মাদক বা অ্যালকোহল সেবনের ঘটনা ঘটে থাকে, তবে তা ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসবে। তাই এই প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ব্যক্তিগত জীবনের কিছু বিষয়ও স্ট্যাটাসে তুলে ধরেন জাহের আলভী। তিনি জানান, দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তাদের মধ্যে নানা টানাপোড়েন থাকলেও পরস্পরের প্রতি ভালোবাসা ছিল। তাদের সম্পর্ক সময়ের সঙ্গে মায়া ও অভ্যাসে পরিণত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে আলভী দাবি করেন, অতীতে ইকরার অন্য একটি বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তিনি তার কাছে ফিরে আসেন। তবে এসব অভিযোগের পরও তিনি বলেন, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ছিল। শুধু তাই নয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের এক সহপাঠির সঙ্গে ইকরার সম্পর্কের বিষয়েও সন্দেহ পোষণ করেন জাহের আলভী।

স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, তার বিরুদ্ধে নানা চাপ ও ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তবে সত্য উদঘাটনে সবার সহযোগিতা কামনা করেন এবং তার সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিষয়টি নিরপেক্ষভাবে দেখার অনুরোধ জানান।

উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহের আলভী নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর