টানা লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া বগুড়ার আধুনিক সিনেমা হল ‘মধুবন সিনেপ্লেক্স’ আবার চালু হচ্ছে। আসন্ন ঈদুল ফিতর থেকে নতুন করে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে হলটি। উদ্বোধনী প্রদর্শনী হিসেবে দেখানো হবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা।
এর আগে টানা লোকসানের কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর সিনেপ্লেক্সটি বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়ে হলটি কয়েক মাস কমিউনিটি সেন্টার হিসেবেও ব্যবহার করা হয়েছিল।
মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল জানান, মাসের পর মাস লোকসান গুনতে গুনতে একপর্যায়ে হলটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছিল। তবে এই হলের সঙ্গে তাদের পারিবারিক আবেগ জড়িয়ে আছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সিনেপ্লেক্স টিকিয়ে রাখতে হলে ভালো সিনেমা প্রয়োজন। নতুন সরকারের কাছে দেশি সিনেমার পাশাপাশি মানসম্মত বিদেশি সিনেমা আমদানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এতে করে দেশের সিনেমা হলগুলো টিকে থাকার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন।
একসময় বগুড়া জেলাজুড়ে ৩৮টি সিনেমা হল সচল ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা কমে এখন মাত্র সাতটিতে দাঁড়িয়েছে। ইতোমধ্যে জেলার ৩১টি সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে।
এমন পরিস্থিতিতে মধুবন সিনেপ্লেক্স পুনরায় চালু হওয়াকে স্থানীয় চলচ্চিত্রপ্রেমীরা ইতিবাচক হিসেবে দেখছেন। ঈদকে সামনে রেখে হলটি আবার চালু হওয়ায় দর্শকদের মধ্যে নতুন করে সিনেমা দেখার আগ্রহ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।
এসএসকে/

