Logo

বিনোদন

‘রাক্ষস’-এর ট্রেলার ঘিরে রহস্য, নায়ক-ভিলেন দুই ভূমিকাতেই সিয়াম!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৭:৩৫

‘রাক্ষস’-এর ট্রেলার ঘিরে রহস্য, নায়ক-ভিলেন দুই ভূমিকাতেই সিয়াম!

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘রাক্ষস’ এর ট্রেলার অবশেষে প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি ট্রেলারটি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ট্রেলারের শুরুতেই দেখা যায় একের পর এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত রহস্যের ইঙ্গিত— সব মিলিয়ে অন্ধকার এক জগতের আভাস মিলেছে এতে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ট্রেলারে তার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব, যেখানে মানবিকতা ও ভয়াবহতার মাঝামাঝি অবস্থান করছে গল্পের মূল স্রোত।

এদিকে এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারে তাকে দেখা গেছে রহস্যময় ও আবেগঘন এক চরিত্রে। 

ট্রেলারের সবচেয়ে আলোচিত অংশটি এসেছে শেষ মুহূর্তে। কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা ও শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার উপস্থিতি ও চলাফেরা ট্রেলারের আবহকে আরও রহস্যময় করে তোলে। শুরুতে এই চরিত্রে কে অভিনয় করেছেন তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। পরে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, রহস্যময় সেই ভিলেন চরিত্রেও অভিনয় করেছেন সিয়াম আহমেদই। প্রস্থেটিক মেকআপের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন রূপে তাকে পর্দায় হাজির করা হয়েছে।

জানা গেছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সিয়ামকে— একদিকে নায়ক, অন্যদিকে মূল খলনায়ক। ফলে বড় পর্দায় তার এই দ্বৈত উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অ্যাকশন, থ্রিল ও রহস্যে মোড়া সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল, সাদনিমা নোমান, বলিউড অভিনেতা শাতাফ ফিগার এবং কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য্য।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামীকাল রবিবার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাক্ষস’।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিয়াম আহমেদ চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর