Logo

বিনোদন

ফোর্বসের জরিপ

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট, সম্পদের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৬:৩৭

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট, সম্পদের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার

বিশ্বসংগীতের অঙ্গনে জনপ্রিয়তার পাশাপাশি আর্থিক সাফল্যেও নতুন রেকর্ড গড়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস–এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা।

ফোর্বসের হিসাব অনুযায়ী, টেইলর সুইফটের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এই বিপুল সম্পদের সুবাদে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তার অবস্থান প্রায় ২ হাজার ১৭৭ নম্বরে।

তবে বৈশ্বিক ধনকুবেরদের তুলনায় এই অঙ্ক এখনও তুলনামূলকভাবে কম। উদাহরণ হিসেবে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক–এর সম্পদের পরিমাণ কয়েক’শ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

গত কয়েক বছরে সুইফটের সম্পদ দ্রুত বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ২০২৫ সালেই তার সম্পদ প্রায় ৪০০ মিলিয়ন ডলার বেড়েছে।

বিশ্লেষকদের মতে, সংগীতের পাশাপাশি কৌশলী ব্যবসায়িক সিদ্ধান্তই তার এই আর্থিক সাফল্যের প্রধান কারণ। দীর্ঘ ক্যারিয়ারে প্রকাশিত পুরনো ও নতুন গান থেকে তিনি নিয়মিত আয় করছেন। বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, লাইসেন্সিং চুক্তি এবং বিক্রির মাধ্যমে তার সংগীত থেকে ধারাবাহিকভাবে বিপুল অর্থ আসছে।

এছাড়া নিজের প্রথম ছয়টি অ্যালবামের অধিকার পুনরুদ্ধার করার সিদ্ধান্তও তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে নিজের সংগীত ভান্ডার থেকে আয়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন তিনি।

অন্যদিকে তার বিশ্বব্যাপী কনসার্ট ট্যুরও আয়ের বড় উৎসে পরিণত হয়েছে। বিশেষ করে The Eras Tour বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের বিভিন্ন শহরে টিকিট প্রকাশের অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাওয়ায় এই ট্যুরটি সংগীত অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে।

ফোর্বসের মতে, টেইলর সুইফট শুধু একজন সফল গায়িকা নন, তিনি একই সঙ্গে একজন দূরদর্শী উদ্যোক্তা। এই কারণেই সাময়িকীটি তাকে প্রভাবশালী আমেরিকান উদ্যোক্তাদের তালিকাতেও অন্তর্ভুক্ত করেছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর