ছবি: সংগৃহীত
প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার ছেলে নিশাত রহমান মনি গণমাধ্যমে এ খবর নিশ্চিত করে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন অঞ্জনা। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তির আগে তিনি টানা ১৫ দিন জ্বরে ভুগছিলেন, যা ওষুধে নিয়ন্ত্রণে আসেনি। পরীক্ষা-নিরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে, যার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অঞ্জনা রহমান বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। নৃত্যশিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে তিনি সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করা দেশীয় চিত্রনায়িকাদের মধ্যে অন্যতম। ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় ও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন গুণী এ অভিনেত্রী।

