প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিলজিৎ দোসাঞ্জের স্মরণীয় সাক্ষাৎ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:২২
ছবি: সংগৃহীত
নতুন বছরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ । বুধবার (১ জানুয়ারি) দিলজিৎ সে স্মরণীয় সাক্ষাতের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। তিনি বলেন, ‘২০২৫ সালের দারুণ শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি অত্যন্ত স্মরণীয় বৈঠক। আমরা মিউজিকসহ অনেক বিষয় নিয়ে কথা বলেছি।’
নরেন্দ্র মোদীর নিজস্ব এক্স (টুইটার) হ্যান্ডেল থেকেও সাক্ষাতের কথা জানিয়ে বলা হয়, ‘দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দারুণ কথোপকথন! তিনি সত্যিই বহুমুখী প্রতিভা ও ঐতিহ্যের মিশ্রণ। আমরা সংগীত, সংস্কৃতি এবং আরও অনেক বিষয়েই একমত হয়েছি একে অপরের সঙ্গে।’
এর আগে মঙ্গলবার, লুধিয়ানায় দিলজিৎ তার ‘দিল-লুমিনাতি ইন্ডিয়া ট্যুর’এর সমাপ্তি ঘটান । পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই কনসার্টে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দিলজিৎ ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে লিখেছেন,‘শুভ নববর্ষের শুভেচ্ছা। লুধিয়ানা আমার শহর। দিল-লুমিনাতি ট্যুরের গ্র্যান্ড ফিনালে এর চেয়ে বড় হতে পারত না।’
কনসার্ট চলাকালীন, দিলজিৎ প্রবীণ পাঞ্জাবি গায়ক ও রাজনীতিবিদ মুহাম্মদ সাদিককে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে তাকে সম্মান জানান।
এছাড়া, গত ৩০ ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত কনসার্টে দিলজিৎ দোসাঞ্জ প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে সম্মান জানিয়ে সেই কনসার্টটি তাকে উৎসর্গ করেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দিলজিৎ বলেন, ‘ড. মনমোহন সিংজির জীবনযাত্রা অত্যন্ত সাদাসিধে ছিল, তিনি কারও সম্পর্কে খারাপ কথা বলতেন না, এমনকি কেউ তার সম্পর্কে খারাপ বললেও। রাজনীতির মতো ক্ষেত্রেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারতেন।’
এফএটি

