মৌসুমী হামিদ
টালিউড ও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী
হামিদের সাজানো সংসারে বিচ্ছেদের করুণ সুর বেজে উঠেছে। দীর্ঘ আড়াই বছরের প্রেম আর দুই
পরিবারের সম্মতিতে জাঁকজমকভাবে ঘর বাঁধলেও দুই বছর পূর্ণ হওয়ার আগেই নাট্যকার আবু সাইয়িদ
রানার সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটল। গত নভেম্বর থেকেই তাঁরা আলাদা থাকছেন এবং সম্প্রতি
রানা মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌসুমী হামিদ
গণমাধ্যমকে জানিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এই মুহূর্তে বিস্তারিত কথা বলার
মতো পরিস্থিতিতে তিনি নেই। তবে বিশ্বস্ত সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের দাবি, আবু সাইয়িদ
রানার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই ভাঙন। শোবিজ অঙ্গনেরই এক তরুণীর সঙ্গে রানার
ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁদের সংসারে অশান্তি চলছিল। যদিও রানা পরকীয়ার অভিযোগ
অস্বীকার করে জানিয়েছেন, বনিবনা না হওয়ায় তাঁরা চার মাস ধরে আলাদা থাকছেন।
২০২৪ সালের ১২ জানুয়ারি দুই পরিবারের
উপস্থিতিতে জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন মৌসুমী ও রানা। বিয়ের সময় মৌসুমী জানিয়েছিলেন,
রানার সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘ দুই বছরের। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত
নিয়েছিলেন। কিন্তু বিয়ের আট মাসের মাথায় প্রথম স্বামীর ‘প্রতারণা’ ধরা পড়ে বলে
দাবি করেছেন অভিনেত্রী। বেশ কয়েকবার সুযোগ দিলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত
বিচ্ছেদের পথেই হাঁটতে হলো তাঁদের।
ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের মধ্যেও
কাজে বিরতি দেননি লাক্স সুপারস্টার খ্যাত এই অভিনেত্রী। ছোট পর্দা, ওটিটি এবং চলচ্চিত্র—তিন মাধ্যমেই
নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন তিনি। সম্প্রতি
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া মোস্তাফিজুর নূর ইমরানের জ্বীনের বাচ্চা ওয়েব ফিল্মে
বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত
আছেন নির্মাতা রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ
নিয়ে। ২০১১ সালে চট্টগ্রামে ঘটে যাওয়া এক তরুণীকে পুড়িয়ে মারার চাঞ্চল্যকর সত্য ঘটনা
অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমাটি।

