Logo

বিনোদন

৪৮ ঘণ্টায় এক লাখ দর্শক দেখেছে ‘‌চক্র ২’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ২০:১৯

৪৮ ঘণ্টায় এক লাখ দর্শক দেখেছে ‘‌চক্র ২’

চক্র ২

প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পেয়েছে ভিকি জাহেদের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ চক্র ২। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ঈদ আয়োজন উপলক্ষে মুক্তি পাওয়ার পর থেকেই সিরিজটি দর্শক মহলে তুমুল সাড়া ফেলেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ১০ লাখ মিনিটের বেশি দেখার রেকর্ড গড়েছে এই সাইকোলজিক্যাল থ্রিলার, যা উপভোগ করেছেন প্রায় এক লাখ দর্শক।

১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের নয় সদস্যের আত্মহত্যার চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে চক্র। প্রথম সিজনে যে রহস্যের দানা বেঁধেছিল, আট পর্বের দ্বিতীয় সিজনে তা আরও গভীর মানসিক দ্বন্দ্ব এবং টানটান উত্তেজনায় রূপ নিয়েছে। নির্মাতা ভিকি জাহেদ জানান, বাংলাদেশে এর আগে কোনো ওয়েব সিরিজে এত বেশিসংখ্যক (১৮টি গুরুত্বপূর্ণ চরিত্র) শিল্পী একসঙ্গে কাজ করেছেন কি না, তা তার জানা নেই। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সিজনটি নির্মাণ করা হয়েছে।

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ এটি। স্বভাবতই মুক্তির আগে কিছুটা নার্ভাস ছিলেন তিনি। তবে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত তৌসিফ বলেন, মুক্তির পর দর্শকদের ফিডব্যাকে মনে হচ্ছে পুলসিরাত পার হতে পেরেছি। লন্ডন থেকেও দর্শকরা জানিয়েছেন তারা ছুটির দিনে পরিবার নিয়ে সিরিজটি উপভোগ করছেন।

সিরিজের এই অভাবনীয় সাফল্য উদযাপন করতে গত রবিবার চ্যানেল আই প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে নির্মাতা ভিকি জাহেদ এবং সিরিজের অভিনয়শিল্পীরা তাদের শুটিং অভিজ্ঞতা ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শক্তিশালী অভিনয় ও রহস্যঘেরা গল্পের এই সিরিজে তৌসিফ মাহবুবের পাশাপাশি অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, গাজী রাকায়েত, মেখলা মুক্তা, এ কে আজাদ সেতু, মৌসুমি মৌ, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। বর্তমানে আইস্ক্রিন অ্যাপ থেকে সাবস্ক্রিপশন নিয়ে সিরিজটি উপভোগ করছেন দর্শকরা।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন