তৃতীয় সপ্তাহে ‘দমকে’ পেছনে ফেলে এগিয়ে গেল ‘রাক্ষস’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২১:১৬
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে এক নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। গত দুই সপ্তাহে মাল্টিপ্লেক্সে দাপট দেখানো আফরান নিশোর ‘দম’কে শো সংখ্যার দিক থেকে পেছনে ফেলে তৃতীয় সপ্তাহে এসে শীর্ষস্থানের দিকে এগোচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। একইসঙ্গে শুক্রবার থেকে দেশজুড়ে সিঙ্গেল স্ক্রিনেও বড় পরিসরে যাত্রা শুরু করল সিনেমাটি।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে,
স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রধান মাল্টিপ্লেক্সগুলোতে ‘রাক্ষস’-এর দর্শক চাহিদা তুঙ্গে। ঈদের
দিন মাত্র ১৪টি শো নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে
প্রতিদিন ১১টি করে শো চলছে। অন্যদিকে যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস এবং রাজশাহী
ও সিলেটের সিনেপ্লেক্সগুলো মিলিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমাটির মোট শো সংখ্যা দাঁড়িয়েছে
২৫-এ। বিপরীতে আফরান নিশো অভিনীত ‘দম’ বর্তমানে ২০টি শো নিয়ে মাল্টিপ্লেক্সে
দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে। তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরের মাঝে শোবিজ পাড়ায় যখন
কিছুটা বিষাদ, তখন প্রেক্ষাগৃহে সিয়ামের এই জয়জয়কার ভক্তদের মনে নতুন উদ্দীপনা জোগাচ্ছে।
এদিকে পাইরেসি শঙ্কা কাটিয়ে দুই সপ্তাহ
পর আজ থেকে দেশের প্রায় ৩০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘রাক্ষস’। রাজধানীর মধুমিতা, আনন্দ, শ্যামলী
ও সৈনিক ক্লাব ছাড়াও যশোরের মণিহার, বগুড়ার মধুবন এবং চট্টগ্রামের সুগন্ধার মতো বড়
বড় হলে সিয়াম-সুস্মিতার রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি প্রদর্শিত হচ্ছে। সিঙ্গেল স্ক্রিনে
মুক্তি প্রসঙ্গে নায়ক সিয়াম আহমেদ বলেন, “সিনেমা উদযাপনের আসল জায়গা হলো সিঙ্গেল
স্ক্রিন। আমার বিশ্বাস, সাধারণ দর্শকরা এই সিনেমাটিকে নিজেদের করে নেবেন।” পরিচালক
মেহেদি হাসান হৃদয়ের মতে, ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হওয়ায় দর্শকদের মাঝে আগে থেকেই এই সিনেমা নিয়ে
ব্যাপক আগ্রহ ছিল।
অন্যদিকে, মেগাস্টার আফরান নিশো অভিনীত
ও রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ বর্তমানে শুধু মাল্টিপ্লেক্সেই সীমাবদ্ধ। তবে সিঙ্গেল স্ক্রিনের
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আগামী ২৪
এপ্রিল সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে একযোগে মুক্তি পাবে ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সার্ভাইভাল
থ্রিলারটি বর্তমানে অস্ট্রেলিয়ায় চলছে এবং শিগগিরই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে
যাচ্ছে।
‘রাক্ষস’ সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয়
করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া রয়েছেন সোহেল মণ্ডল ও আলী রাজ। সিনেমার
বিশেষ আকর্ষণ হিসেবে একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তৃতীয়
সপ্তাহে এসে হল সংখ্যা ও শো’র এই রদবদল প্রমাণ করছে যে, মানসম্পন্ন সিনেমা হলে দর্শকরা
প্রেক্ষাগৃহে ফিরতে দ্বিধা করেন না।
বাংলাদেশের খবর/ এম.আর

