Logo

বিনোদন

ম্যারিলিন মনরোর ব্যবহার্য নিয়ে হচ্ছে বিশেষ প্রদর্শনী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৭:০০

ম্যারিলিন মনরোর ব্যবহার্য নিয়ে হচ্ছে বিশেষ প্রদর্শনী

পোশাক, আয়না ও চেকবইয়ের পাতা থেকে শুরু করে হলিউড আইকন ম্যারিলিন মনরোর ব্যক্তিগত অনেক ব্যবহার্য প্রথমবারের মতো জায়গা করে নিচ্ছে প্রদর্শনীতে।

কিংবদন্তি এই অভিনেত্রীর ব্যবহার করা পোশাক, তার ব্যক্তিগত কিছু নথি, পুরোনো ছবি ও সিনেমার কিছু উপকরণ রাখা হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি প্রদর্শনীতে। খবর ইউরো নিউজের।

উপকরণগুলো সংগ্রহ করেছেন মনরোর ভক্ত ব্রায়ান জনস। প্লেবয় ম্যাগাজিনের জন্য মনরো লাল ভেলভেট কাপড়ে ব্যাকগ্রাউন্ডে ফটোশুট করেছিলেন। প্লেবয়ের অন্যতম জনপ্রিয় সংখ্যায় পরিণত হয় সেটি।

ছেলেবেলা থেকেই মনরোর প্রতি তার অনুরাগ জন্মে যায় জানিয়ে জনস বলেন, শৈশবে বাবার বিছানার নিচে প্লেবয় ম্যাগাজিনে পেয়েছিলাম সেখান থেকেই এর শুরু।

প্রদর্শনীতে দর্শকদের জন্য থাকা উপকরণগুলোর অন্যতম হচ্ছে, একটি চেক বইয়ের পাতা। যেটি ১৯৬২ সালের আগস্টে মৃত্যুর আগে মনরোর সই করা শেষ চেক বলে জানিয়েছেন জনস। চেকটি ছিল ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে মনরোর কেনা নতুন বাড়ির আসবাবের জন্য।

ম্যাডিসন স্কয়্যার গার্ডেনে ১৯৬২ সালে প্রেসিডেন্ট জন এফ. কেনেডির জন্মদিন উদযাপনে পারফর্ম করেছিলেন মনরো। ওই অনুষ্ঠানের সূচি ও মনরোর নিজ হাতে লেখা আমন্ত্রণপত্র রয়েছে এই সংগ্রহে। অনুষ্ঠানে যোগদানের জন্য মনরো ব্যক্তিগতভাবে পাঁচজন অতিথির অর্থ পরিশোধ করেছিলেন।

এ ছাড়া রয়েছে, তার ব্রেন্টউডের বাড়ির একটি আয়না ও অনেকগুলো গাউন। ইতালিয়ান ফ্যাশন হাউজ পুচ্চির তৈরি গাউনগুলো মনরোর জন্যই বিশেষভাবে তৈরি করা।

লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্সে, ‘ম্যারিলিন মনরো: হলিউড আইকন’ নামের এই প্রদর্শনী শুরু হচ্ছে চলতি বছরের মে মাসের ৩১ তারিখ থেকে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন