Logo

বিনোদন

টেইলর-ট্রাভিস যুগলের বিয়ের আসর বসবে নিউইয়র্কে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৬:২৩

টেইলর-ট্রাভিস যুগলের বিয়ের আসর বসবে নিউইয়র্কে

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি ভক্তের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ তারকা টেইলর সুইফট ও তার দীর্ঘদিনের প্রেমিক আমেরিকান ফুটবলের সুপারস্টার ট্রাভিস কেলসি। ইতোমধ্যে বিয়ের আমন্ত্রিত অতিথিদের কাছে পৌঁছে গেছে ‘সেভ দ্য ডেট’ নামে তাদের বিয়ের কার্ড।

সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বা ‘ফোর্থ অব জুলাই’ উদ্‌যাপনের তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩ জুলাই। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউইয়র্ক সিটিতিই বসবে এই তারকা যুগলের জমকালো বিয়ের আসর।

প্রথমদিকে ধারণা করা হয়েছিল, সুইফটের রোড আইসল্যান্ডের বিলাসবহুল প্রাসাদ ওশান হাউসে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে।  তবে শেষ পর্যন্ত বড় পরিসর, জৌলুস এবং অতিথি আপ্যায়নের কথা মাথায় রেখে বিয়ের ভেন্যু বেছে নেওয়া হয়েছে ম্যানহাটনকে। ২০১৪ সাল থেকেই নিউইয়র্কের এ শহরের প্রতি গভীর সম্পর্ক গড়ে ওঠে এ পপ তারকার।

শহরটিকে ভালোবেসে সেখানে টেইলর তৈরি করেছেন নিজের বিলাসবহুল আবাসন। এমনকি তার জনপ্রিয় গান ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ গানেও ফুটে উঠেছে এ শহরের প্রতি তার ভালোবাসা।

অন্যদিকে, ট্রাভিস কেলসিও নিউইয়র্কের প্রাণবন্ত পরিবেশের প্রশংসা করেছেন একাধিকবার। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য এই শহরকেই বেছে নিয়েছেন নতুন এ জুটি। 

সংগীত ও ক্রীড়াজগতের দুই তারকার এ মিলনমেলা এখন বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়ের একটিতে পরিণত হতে যাচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন