Logo

বিনোদন

হল বেড়ে ৫৮

উত্তর আমেরিকায় বাড়ছে ‘দম’-এর জনপ্রিয়তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:২৯

উত্তর আমেরিকায় বাড়ছে ‘দম’-এর জনপ্রিয়তা

পূজা চেরী

ঢালিউড সুপারস্টার আফরান নিশো ও পূজা চেরী অভিনীত সিনেমা দম এখন উত্তর আমেরিকার দর্শকদের হৃদয়ে কম্পন তুলছে। মুক্তির প্রথম সপ্তাহে মাত্র ৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও দর্শকদের ব্যাপক চাহিদার মুখে দ্বিতীয় সপ্তাহে এক লাফে হলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮টি।

শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বড় বড় শহরগুলোতে দাপটের সঙ্গে চলবে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি।

উত্তর আমেরিকায় দম-এর পরিবেশক সংস্থা বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৫০টিরও বেশি এবং কানাডার ৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর আগে গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে মুক্তি পেয়েছিল ছবিটি। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফিনিক্সের দর্শকদের অভূতপূর্ব সাড়াই এই বিশাল পরিসরে মুক্তির পথ প্রশস্ত করেছে।

রাজ হামিদ বলেন, সিনেমা হলের সংখ্যা অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ দর্শক চাহিদা। ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়টিকে আমরা দম-এর বিশেষ সপ্তাহ হিসেবে দেখছি।

যুক্তরাষ্ট্রের টেক্সাস, ফ্লোরিডা, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান ও আটলান্টাসহ প্রধান স্টেটগুলোর গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। নিউইয়র্কের কিউ গার্ডেনসের পাশাপাশি লং আইল্যান্ডের শোকেস ফার্মিংডেল প্রেক্ষাগৃহে প্রতিদিন বিকেল ৫টা ও রাত ৮টায় দুটি করে শো থাকবে।

সিনেমাটির মুক্তি উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নির্মাতা রেদওয়ান রনি। সেখানে একটি বিশেষ প্রদর্শনীতে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন ও সাংবাদিক রোজিনা ইসলামসহ অনেক বিশিষ্টজন ছবিটি দেখেন। প্রদর্শনী শেষে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে রনি বলেন, দম সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি বিজয়ের গল্প। দেশের পর বিদেশের মাটিতে প্রবাসী ভাই-বোনদের যে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি অভিভূত।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি প্রযোজিত এই সিনেমায় আফরান নিশো ও পূজা চেরীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ছবিটির চিত্রনাট্য তৈরিতে যুক্ত ছিলেন সৈয়দ আহমেদ শাওকী, রবিউল আলম রবি, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ। বাংলাদেশে ইতিমধ্যে চতুর্থ সপ্তাহে পা রাখা দম’ এখন বিদেশের মাটিতেও বাংলা সিনেমার নতুন ইতিহাস তৈরির পথে। পরিবেশকরা প্রবাসীদের অনলাইনে টিকিট কেটে হলে এসে দেশি সিনেমাকে সমর্থনের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন