ছবি: সংগৃহীত
বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের হাত ধরে আবারো বড় পর্দায় ফিরছে ভিনগ্রহী বা এলিয়েনদের গল্প। তার আসন্ন সায়েন্স ফিকশন সিনেমা ‘ডিসক্লোজার ডে’-এর নতুন একটি টিজার প্রকাশ করেছে ইউনিভার্সাল পিকচার্স। এর আগের ট্রেলারগুলোতে এলিয়েনদের রহস্যের আড়ালে রাখা হলেও, এবারের ছোট এই প্রোমোতে তাদের সরাসরি দেখা গেছে।
টিজার অনুযায়ী, সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দীর্ঘ ৭৯ বছর ধরে চেপে রাখা এক মহাজাগতিক সত্যকে ঘিরে।
টিজারে দেখা যায়, কোলম্যান ডোমিঙ্গো (হুগো ওয়েকফিল্ড চরিত্রে) বলছেন যে সত্যকে কয়েক দশক ধরে আড়াল করে রাখা হয়েছে। অন্যদিকে কলিন ফার্থ (নোয়া স্ক্যানলন চরিত্রে) সতর্ক করে দিচ্ছেন যে মানুষ এই সত্য মেনে নেওয়ার জন্য হয়তো এখনো প্রস্তুত নয়।
অল্প সময়ের এই টিজারে বেশ কিছু রোমহর্ষক দৃশ্য তুলে ধরা হয়েছে। অভিনেতা জশ ও’কনরকে দেখা যায় একটি রহস্যময় ‘ক্রপ সার্কেলের’ মাঝখানে দাঁড়িয়ে থাকতে।
এ ছাড়া একটি দৃশ্যে এমিলি ব্লান্ট ও জশ ও’কনরকে একে অপরের হাত শক্ত করে ধরে থাকতে দেখা যায়। টিজারের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে শেষে, যেখানে একটি ভিনগ্রহী তার লম্বা আঙুল দিয়ে একটি শিশুর মুখ স্পর্শ করছে।
সিনেমাটি স্পিলবার্গের জন্য এক বিশেষ ফেরা। ‘ইটি’ বা ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’-এর মতো কালজয়ী সায়েন্স ফিকশন সিনেমার নির্মাতা স্পিলবার্গ বেশ কয়েক বছর পর আবারো এই ঘরানায় ফিরলেন।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তার দীর্ঘদিনের সঙ্গী ডেভিড কোয়েপ। এতে আরো অভিনয় করেছেন ইভ হিউসন ও ওয়াইট রাসেল। গত ডিসেম্বরে ‘ডিসক্লোজার ডে’-র ট্রেলার প্রকাশিত হয়েছে; আগামী ১২ জুন বড় পর্দায় আসছে সিনেমাটি।
বাংলাদেশের খবর/আরইউ

