জেমস
বাংলা রক সংগীতে জেমস মানেই তারুণ্যের উন্মাদনা, জেমস মানেই গিটারের ঝঙ্কার আর হাজারো ভক্তের গগণবিদারী চিৎকার। দেশীয় শ্রোতাদের মাতিয়ে এবার বিশ্ব ভ্রমণে বের হচ্ছে ‘নগর বাউল’। আগামী জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে জেমসের ইউরোপ সফর, এ কারণে সেপ্টেম্বর মাসে তিনি পাড়ি দেবেন অস্ট্রেলিয়ায়। এবারের সফরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পর্তুগালের মাটিতে জেমসের প্রথম কনসার্ট।
আগামী ২২ জুলাই ইউরোপ সফরের উদ্দেশ্যে
ঢাকা ছাড়বে পুরো নগর বাউল দল। এই সফরের প্রথম স্টেশন হতে যাচ্ছে লন্ডন। আগামী ২৫ জুলাই
লন্ডনের ঐতিহ্যবাহী ‘সিটি প্যাভিলিয়ন’-এ গান শোনাবেন জেমস। লন্ডনের কনসার্ট শেষ করেই জেমস
উড়াল দেবেন লিসবনের উদ্দেশ্যে।
জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন,
লন্ডন ও লিসবন ছাড়াও ইউরোপের আরও কয়েকটি প্রধান শহরে কনসার্ট করার বিষয়ে বর্তমানে আলোচনা
চলছে। পর্তুগালের প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের
মতো সেখানে গাইবেন জেমস।
আগামী ২৬ জুলাই লিসবনের অন্যতম প্রধান
ভেন্যু ‘লিসবোয়া আও ভিভো’তে
অনুষ্ঠিত হবে ‘লিসবন বাংলা লাইভ
কনসার্ট ২০২৬’। স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হবে এই মেগা ইভেন্ট। কনসার্টটি যৌথভাবে
আয়োজন করছে ‘কাজা দো বাংলাদেশ’
এবং ‘নোটিসিয়াস বাংলা’।
গত রোববার লিসবনের অ্যাভিনিউ রোমায় আয়োজিত
এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, পর্তুগালের মাটিতে এটিই হতে যাচ্ছে সর্ববৃহৎ বাংলা
কনসার্ট। সংবাদ সম্মেলনে কনসার্টের নিরাপত্তা ব্যবস্থা, দর্শক সেবা এবং টিকিটের ক্যাটাগরি
নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানিয়েছেন, টিকিটের মূল্য তিনটি ক্যাটাগরিতে
নির্ধারণ করা হয়েছে— ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি।
ইউরোপ সফর শেষ করে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া
পাড়ি দেবে নগর বাউল। সেখানে সিডনির দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বড় চমক। আগামী ১২
সেপ্টেম্বর সিডনির ‘নরওয়েস্ট কনভেনশন সেন্টার’-এ অনুষ্ঠিত হবে ‘জেমস অ্যান্ড ফসিলস লাইভ ইন সিডনি’ কনসার্ট।
এই মেগা ইভেন্টে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর ফ্রন্টম্যান রুপম ইসলাম।
দুই বাংলার দুই রক আইকন এর আগে একাধিকবার
একই মঞ্চে গাইলেও অস্ট্রেলিয়াতে এটিই হবে তাদের প্রথম যৌথ কনসার্ট। সিডনির এই আয়োজনটি
করছে ‘বেঙ্গলি সিনেক্লাব
অস্ট্রেলিয়া’। আয়োজকদের দাবি, এটি অস্ট্রেলিয়ায় বাংলা রক সংগীতের ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ
এবং বড় আয়োজন হতে যাচ্ছে।
জেমসের বিদেশ সফরকে কেন্দ্র করে প্রবাসী
বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পর্তুগালে
এর আগে এত বড় পরিসরে কোনো বাংলা কনসার্ট হয়নি। আয়োজকদের মতে, জেমসের উপস্থিতি প্রবাসের
মাটিতে ‘এক টুকরো বাংলাদেশ’কে
নতুন করে জাগিয়ে তুলবে।
বাংলাদেশের খবর/এম.আর

