অজান্তেই মাদক সেবন করে বাথরুমে বন্দি ক্লোয়ি কার্দাশিয়ান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২০:৫৫
ক্লোয়ি কার্দাশিয়ান
জনপ্রিয় আমেরিকান রিয়েলিটি শো তারকা ক্লোয়ি কার্দাশিয়ান তার ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই নিয়ে সব সময়ই খোলামেলা। তবে সম্প্রতি তার নিজের পডকাস্ট ‘ক্লোয়ি ইন ওয়ান্ডারল্যান্ড’-এর একটি পর্বে তিনি যে অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, তা শুনে ভক্তরা রীতিমতো স্তব্ধ। ২০১৫ সালের পর কেন তাকে আর বিশ্বের অন্যতম জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যাল ‘কোচেলা’-তে দেখা যায়নি, তার পেছনের এক ভয়াবহ ও ভীতিজাগানিয়া ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।
পডকাস্টের সাম্প্রতিক পর্বে ক্লোয়ি জানান,
২০১৫ সালে তিনি যখন শেষবার কোচেলায় গিয়েছিলেন, তখন তিনি অজান্তেই ড্রাগ বা মাদক সেবন
করে ফেলেছিলেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, কেউ তাকে জোর করে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে
মাদক খাইয়ে দেয়নি। বরং তার চারপাশের পরিবেশ এবং নিজের অসতর্কতাই এর জন্য দায়ী ছিল।
ক্লোয়ি বলেন, "সেটা মোটেও ভালো কোনো
অভিজ্ঞতা ছিল না। আমি না বুঝেই ড্রাগ নিয়ে ফেলেছিলাম। আমার মনে হয় আমার চারপাশে যারা
ছিল, তারা সবাই জানত কী হচ্ছে, শুধু আমিই ছিলাম বোকা।"
তিনি আরও যোগ করেন, "আমি একটি পানীয়
পান করেছিলাম এবং তারপরেই আমার ভেতরে অদ্ভুত সব অনুভূতি হতে শুরু করে। কেউ এমন অবস্থায়
পড়তে চায় না যেখানে সে জানেই না তার সাথে আসলে কী ঘটছে।"
মাদকের প্রতিক্রিয়ায় ক্লোয়ি মানসিকভাবে
বিপর্যস্ত হয়ে পড়েন। তার ভাষায়, তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন এবং নিজেকে অনিরাপদ
মনে করছিলেন। পরিস্থিতি সামলাতে না পেরে তিনি নিজেকে একটি বাথরুমে আটকে ফেলেন। দীর্ঘ
কয়েক ঘণ্টা তিনি সেখানেই বন্দি ছিলেন।
সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে ক্লোয়ি বলেন,
"আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মাথার ভেতর সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল।
বাইরে থেকে লোকজন আমাকে বের হওয়ার জন্য চিৎকার করছিল, কিন্তু আমি এতটাই আতঙ্কিত ছিলাম
যে দরজা খোলার সাহস পাচ্ছিলাম না। দীর্ঘ সময় পর আমি বুঝতে পারি যে আমি আসলে ড্রাগের
প্রভাবে ছিলাম।"
২০১৫ সালের সেই ঘটনার পর থেকে গত ৯ বছরে
একবারের জন্যও কোচেলায় যাননি এই কার্দাশিয়ান সুন্দরী। যেখানে তার বোন কিম, কাইলি বা
কেন্ডাল প্রতি বছর এই উৎসবে আলো ছড়ান, সেখানে ক্লোয়ির অনুপস্থিতি ভক্তদের মনে নানা
প্রশ্নের জন্ম দিয়েছিল।
ক্লোয়ি জানান, এতদিন কোচেলা নিয়ে তার কোনো
আফসোস বা 'ফোমো' (হারিয়ে ফেলার ভয়) ছিল না। তবে এ বছর কিছুটা অন্যরকম লাগছে।
তিনি বলেন, "সম্ভবত এই প্রথমবার আমার
কিছুটা ফোমো হচ্ছে কারণ আমার সব বোনেরা সেখানে আছে। যদিও আগে আমি এসবের পরোয়া করতাম
না।"
ক্লোয়ির এই স্বীকারোক্তি বর্তমানে সামাজিক
যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভক্তরা তার সাহসের প্রশংসা করছেন এবং
একই সাথে জনসমাগমস্থলে অপরিচিত পানীয় পানের ক্ষেত্রে সতর্ক থাকার গুরুত্ব নিয়ে আলোচনা
করছেন। ক্লোয়ি তার ভক্তদের আশ্বস্ত করে বলেছেন, এখন তিনি অনেক বেশি সচেতন এবং সেই ভয়াবহ
স্মৃতি কাটিয়ে উঠতে তার দীর্ঘ সময় লেগেছে।
বাংলাদেশের খবর/এম.আর

