Logo

বিনোদন

নেটফ্লিক্সের সিরিজ থেকে বাদ পড়ছেন ভূমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ২১:০৩

নেটফ্লিক্সের সিরিজ থেকে বাদ পড়ছেন ভূমি

নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য রয়্যালস’-এর দ্বিতীয় সিজন নিয়ে যখন দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা, ঠিক তখনই সামনে এল একটি মন খারাপ করা খবর। সিরিজের আগামী কিস্তিতে আর দেখা যাবে না বলিউডের শক্তিমান অভিনেত্রী ভূমি পেডনেকরকে। প্রথম সিজনে ঈশান খট্টরের বিপরীতে তাঁর রসায়ন দর্শকদের নজরে থাকলেও, দ্বিতীয় সিজনে গল্পের নাটকীয় পরিবর্তনের কারণে বাদ পড়ছেন এই অভিনেত্রী।

সিরিজ সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমির এই বাদ পড়ার পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাদারি দ্বন্দ্ব নেই। মূলত গল্পের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। প্রথম সিজনটি যেখানে একটি অমীমাংসিত প্রেমের গল্প দিয়ে শেষ হয়েছিল, দ্বিতীয় সিজনে সেই রোমান্টিক আখ্যানকে আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরিচালক প্রিয়াঙ্কা ঘোষ ও নূপুর আস্থানা এবার সিরিজের প্রেক্ষাপট পরিবর্তন করছেন। দ্বিতীয় সিজনে কেবল রোমান্স নয়, বরং রাজপরিবারের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, সিংহাসনের দ্বন্দ্ব, পারিবারিক রাজনীতি এবং আভিজাত্যের আড়ালে থাকা অন্ধকার ইতিহাসকে বেশি গুরুত্ব দেওয়া হবে। গল্পের এই বিবর্তনের কারণে ভূমির চরিত্রটি আর প্রাসঙ্গিক থাকছে না।

গত বছরের ৯ মে মুক্তি পাওয়া দ্য রয়্যালস’-এর প্রথম সিজনটি ব্যবসায়িকভাবে সফল হলেও ভূমি পেডনেকরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলিং হয়েছিল। তাঁর লুক, সংলাপ এবং অভিব্যক্তি নিয়ে নেতিবাচক মন্তব্যের জোয়ার উঠেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমি সেই কঠিন সময়ের কথা অকপটে স্বীকার করেছেন।

ভূমি বলেন, শোরগোল এতটাই বেড়ে গিয়েছিল যে, আমি আমার নিজের সৃজনশীল কণ্ঠস্বর আর শুনতে পাচ্ছিলাম না। যখন প্রতিদিন আপনাকে বলা হয় যে আপনাকে আপনার নিজের মতো দেখতে লাগছে না, তখন তা আপনার মনস্তত্ত্বে প্রভাব ফেলে। আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম এবং সেই সময় নিজের ওপর আস্থা রাখা কঠিন হয়ে গিয়েছিল।”

‘দ্য রয়্যালস’ থেকে বিদায় নিলেও ভূমির হাতে এখন একগুচ্ছ নতুন প্রজেক্ট। খুব শিগগিরই অভিনেতা ইমরান খানের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন সিরিজে তাঁর বিপরীতে দেখা যাবে ভূমিকে। এ ছাড়াও ইয়ামি গৌতমের হক’ সিনেমার নির্মাতাদের সঙ্গে একটি কোর্টরুম ড্রামা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি দলদল ২’-এর কাজও শুরু হওয়ার কথা রয়েছে। গ্ল্যামারাস চরিত্রের চেয়ে এখন জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে বেশি মনোযোগী হতে চান এই অভিনেত্রী। দ্য রয়্যালস’ থেকে তাঁর বিদায় ভক্তদের জন্য কিছুটা হতাশাজনক হলেও, নতুন নতুন চরিত্রে ভূমি আবারও নিজেকে প্রমাণ করবেন—এমনটাই প্রত্যাশা সিনেপ্রেমীদের।

উল্লেখ্য, দ্য রয়্যালস’-এ ভূমি ছাড়াও জিনাত আমান, সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি, ডিনো মোরিয়া এবং মিলিন্দ সোমানের মতো তারকাদের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এখন দেখার বিষয়, ভূমির অনুপস্থিতিতে রাজপরিবারের এই নতুন জটিল সমীকরণ দর্শকরা কতটা সাদরে গ্রহণ করেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন