Logo

বিনোদন

মৌনী-সুরজের সংসারে বিচ্ছেদের সুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:৪৭

মৌনী-সুরজের সংসারে বিচ্ছেদের সুর

মৌনী রায়

জনপ্রিয় বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং দুবাইভিত্তিক ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সাজানো সংসারে কি তবে ভাঙনের সুর বাজছে? গত কয়েক দিন ধরে টিনসেল টাউনের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন। তবে বিষয়টি কেবল গুঞ্জনেই সীমাবদ্ধ নেই; এর সাথে যুক্ত হয়েছে সুরজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মৌনীকে ব্যবহারের মতো চাঞ্চল্যকর সব অভিযোগ।

২০২২ সালের জানুয়ারিতে গোয়ার সমুদ্রসৈকতে বাঙালি ও মালয়ালি—দুই রীতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মৌনী ও সুরজ। দীর্ঘদিনের প্রেমের এই পরিণয় ভক্তদের কাছে ছিল রূপকথার মতো। কিন্তু সেই রূপকথায় এখন ঘোর কালো মেঘের ছায়া। নেটিজেনদের নজর এড়ায়নি মৌনী ও সুরজ সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো’ করেছেন। শুধু তাই নয়, সুরজের প্রোফাইল থেকে মৌনীর সঙ্গে বিয়ের বেশ কিছু ছবিও সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করছেন ভক্তরা। এমনকি মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানিও সুরজকে সামাজিক মাধ্যমে আনফলো করে দিয়েছেন, যা এই গুঞ্জনের পালে বাড়তি হাওয়া দিচ্ছে।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই বলিউডের অভ্যন্তরীণ মহলে একটি চাঞ্চল্যকর দাবি উঠেছে। শোনা যাচ্ছে, সুরজ নাম্বিয়ার নাকি নিজের সামাজিক প্রতিপত্তি ও ব্যবসায়িক পরিচিতি বাড়াতে মৌনী রায়ের তারকাখ্যাতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। এমনকি দুবাইয়ে নিজের ব্যবসায়িক স্বার্থে মৌনীর উপার্জিত অর্থ ব্যক্তিগতভাবে খরচ করেছেন বলেও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। নেটিজেনদের একাংশের মতে, সুরজ শুরু থেকেই মৌনীকে একটি ব্যবসায়িক সিঁড়ি’ হিসেবে ব্যবহার করেছেন, যার শেষ পরিণতি এখন ডিভোর্সের দ্বারপ্রান্তে।

বিচ্ছেদ নিয়ে মৌনী রায় সরাসরি কোনো মন্তব্য না করলেও তার সাম্প্রতিক একটি পোস্ট নতুন রহস্যের জন্ম দিয়েছে। বুধবার (১৩ মে) মৌনীর বোন রূপালি কাদিয়ানের জন্মদিন উপলক্ষে কিছু আবেগঘন ছবি শেয়ার করেন অভিনেত্রী। সেখানে ক্যাপশনে মৌনী লেখেন, ধ্বংস হোক বা আনন্দের সময়—আমার বোন সবসময় আমার পাশে। তুমিই আমার সব কিছু।” বিশেষ করে এই পোস্টে ধ্বংস’ শব্দটি ব্যবহারের মাধ্যমে মৌনী কি নিজের ব্যক্তিগত জীবনের বর্তমান বিপর্যয়ের দিকেই ইঙ্গিত দিলেন? ভক্তদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এছাড়া বোনের জন্মদিনের আয়োজনেও কোথাও দেখা মেলেনি স্বামী সুরজের, যা তাদের আলাদা থাকার বিষয়টি আরও স্পষ্ট করে তুলছে।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সুরজকে বিয়ে করেছিলেন মৌনী। ছোট পর্দার নাগিন’ খ্যাত এই অভিনেত্রী বড় পর্দাতেও ব্রহ্মাস্ত্র’-এর মতো সিনেমায় খলচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ব্যক্তিগত জীবনের এমন টালমাটাল অবস্থায় ভক্তরা মৌনীর পাশে দাঁড়ালেও দুবাইভিত্তিক ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার এখন পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে রহস্যজনক নীরবতা পালন করছেন।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন