Logo

বিনোদন

ছোট পর্দায় অপূর্ব-নিহার ‘মায়াপাখি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ২১:২০

ছোট পর্দায় অপূর্ব-নিহার ‘মায়াপাখি’

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নিহা। মনদুয়ারি’ ও মেঘবালিকা’র মতো দর্শকনন্দিত নাটকের পর এই জুটি এবার নিয়ে আসছে তাঁদের নতুন ধামাকা মায়াপাখি’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই নাটকটি নিয়ে মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ও দর্শকমহলে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা তৈরি হয়েছে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন। মূলত নির্মাতা সৌখিন, অভিনেতা অপূর্ব এবং অভিনেত্রী নিহা—এই তিনজনের সমন্বয়ে তৈরি হওয়া সফল টিম’-এর প্রতি দর্শকদের এক ধরণের আস্থা তৈরি হয়েছে। আগের দুটি কাজের বিশাল সাফল্যের পর মায়াপাখি’র ঘোষণা আসতেই ভক্তদের মধ্যে প্রত্যাশার পারদ চড়েছে। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটি নিয়ে নির্মাতা ও শিল্পী সবাই বেশ আশাবাদী।

নাটকটির গল্পের কেন্দ্রে রয়েছে মায়া’ নামের এক সাধারণ তরুণী। বর্তমানের আধুনিকতার ভিড়েও মায়ার সাজসজ্জা ও জীবনাচরণে রয়েছে এক ধরণের স্নিগ্ধতা। নির্মাতার ভাষায়, মায়ার চরিত্রে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের একটা আবহ পাওয়া যাবে। বেণী করা চুল, কপালে টিপ আর চোখে কাজলের সেই মায়ার প্রেমে পড়ে সাদাত নামের এক তরুণ। এই সাদাত ও মায়ার সম্পর্কের টানাপোড়েন এবং আবেগের নানা বাঁক নিয়েই এগিয়েছে নাটকের কাহিনী।

অভিনেতা অপূর্বের কাছে মায়াপাখি’ বিশেষ একটি কাজ। এর কারণ হিসেবে তিনি জানান, নাটকটির জন্য দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নিয়েছেন তিনি। এমনকি প্রি-প্রোডাকশন পর্যায়েও তিনি নির্মাতার সঙ্গে যুক্ত ছিলেন। অপূর্ব বলেন, “‘মায়াপাখি’ এমন একটি গল্প, যা দর্শকের মনে গভীর অনুভূতি তৈরি করবে। গল্পের শেষে এসে প্রতিটি মানুষের হৃদয় মোচড় দিয়ে উঠবে। এই নাটকের আবেগ থেকে বের হওয়া দর্শকদের জন্য সহজ হবে না।” অন্যদিকে, অভিনেত্রী নিহা নাটকটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ হিসেবে দেখছেন। তিনি বলেন, একসময় অপূর্বর ভাইয়ের সঙ্গে অভিনয় করতে ভয় লাগত, কিন্তু এখন আমাদের বোঝাপড়া দারুণ। এই নাটকে আমি এমনভাবে অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক এখানে আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।”

পরিচালক জাকারিয়া সৌখিন গল্পের বিস্তারিত এখনই ফাঁস করতে নারাজ। পুরো বিষয়টি দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চান তিনি। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, গল্পের উপস্থাপনায় থাকবে ভিন্নতা। সৌখিন বলেন, যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাঁদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু নিয়ে আসছি। নাটকের প্রতিটি বাঁকে দর্শক নতুন ধাক্কা অনুভব করবেন।”

আসন্ন ঈদুল আজহায় সিএমভির ইউটিউব চ্যানেলে মায়াপাখি’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। অপূর্ব-নিহা জুটির রসায়ন এবং জাকারিয়া সৌখিনের মুন্সিয়ানা আবারও দর্শকদের হৃদয় জয় করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন