নোরা ফতেহি
বলিউডের ‘আইটেম গার্ল’ খ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি মানেই নতুন কোনো চমক। তবে এবার সেই চমক ছাপিয়ে বড় হয়ে উঠেছে বিতর্কের মেঘ। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর নতুন মিউজিক ভিডিও ‘বডি রোল’ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজের একটি পর্বের দৃশ্য ও লুক সরাসরি নকল করার অভিযোগে বিদ্ধ হচ্ছেন এই তারকা।
সংগীতশিল্পী হানি সিংয়ের সঙ্গে জুটি বেঁধে
গত শনিবার ইউটিউবে ‘বডি রোল’ গানটি প্রকাশ করেন নোরা। গানটি কয়েক দিনেই ২০ লক্ষাধিক ভিউ
পেলেও দর্শকদের নজর কেড়েছে ভিডিওর দৃশ্যপট। ভিডিওতে দেখা যায়, গয়নায় মোড়া এক রহস্যময়
নারী হ্রদ থেকে উঠে এসে এক যোদ্ধাকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। ভিডিওটি প্রকাশের পরই
সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা দাবি করেন, এর প্রতিটি পরত জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ
‘লাভ, ডেথ অ্যান্ড
রোবটস’-এর প্রশংসিত পর্ব ‘জিবারো’ থেকে হুবহু নেওয়া।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘জিবারো’ পর্বেও দেখা গিয়েছিল এক সাইরেনসদৃশ
নারীকে, যে কি না সোনালি অলংকারে ঢাকা শরীর নিয়ে হ্রদ থেকে উঠে আসে। নোরার পোশাক, ভারী
অলংকার, ক্যামেরার অ্যাঙ্গেল এবং এমনকি যোদ্ধার শরীরের ট্যাটু পর্যন্ত ‘জিবারো’র সঙ্গে ‘অস্বাভাবিক রকমের কাছাকাছি’ বলে মন্তব্য
করছেন নেটিজেনরা।
এই মিউজিক ভিডিওটির অন্যতম প্রযোজক নোরা
নিজেই। ফলে বিতর্কের তির সরাসরি তাঁর দিকেই যাচ্ছে। তবে নোরা ফতেহি বিষয়টিকে ‘নকল’ বলতে নারাজ। তাঁর দাবি, ভারতীয় নান্দনিকতার
ছোঁয়ায় এক অপার্থিব অপ্সরার রূপ ফুটিয়ে তুলতেই এই লুক বেছে নেওয়া হয়েছে। সোনালি গয়না
ও শরীরের উল্কি পুরো সাজকে একটি আলাদা ভারতীয় মাত্রা দিয়েছে বলে তিনি মনে করেন।
অন্যদিকে ভিডিওটির পরিচালক প্রকাশ তিওয়ারি
কিছুটা নমনীয় সুর বজায় রেখেছেন। তিনি জানান, বিভিন্ন শিল্পকর্ম, সিনেমা এবং পৌরাণিক
গল্প থেকে তাঁরা অনুপ্রেরণা নিয়েছেন। তবে সাজপোশাকের ক্ষেত্রে ‘জিবারো’ থেকে যে কিছুটা অনুপ্রেরণা নেওয়া
হয়েছে, তা তিনি স্বীকার করেছেন। যদিও তাঁর দাবি, নির্মাণের গল্প ও ধরণ সম্পূর্ণ আলাদা।
নোরার জন্য বিতর্কে জড়ানো এবারই প্রথম
নয়। এর আগে ‘কেডি: দ্য ডেভিল’
ছবির একটি গানে অশালীন নাচ ও কথার অভিযোগে ভারতের জাতীয় নারী কমিশনে হাজিরা দিয়ে ক্ষমা
চাইতে হয়েছিল তাঁকে এবং সঞ্জয় দত্তকে। সেই রেশ কাটতে না কাটতেই এই ‘কপিক্যাট’ বা অনুকরণ করার তকমা তাঁর ক্যারিয়ারে
নতুন এক অস্বস্তি তৈরি করল। ইনস্টাগ্রাম ও ইউটিউবের কমেন্ট সেকশনে বইছে সমালোচনার ঝড়।
কেউ কেউ নোরাকে ‘সরাসরি চোর’ বলে কটাক্ষ করছেন, আবার নোরার
ভক্তরা একে কেবল একটি ‘ট্রিবিউট’ বা শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখছেন। তবে আন্তর্জাতিক মানের একটি
কাজের এমন সরাসরি সাদৃশ্য বলিউডের সৃজনশীলতা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল।
বর্তমানে গানটি নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও
হানি সিং বা নোরা—উভয় পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ বা দুঃখপ্রকাশ আসেনি। এখন
দেখার বিষয়, এই ‘বডি রোল’ বিতর্ক নোরা কীভাবে সামাল দেন।
বাংলাদেশের খবর/এম.আর

