ছবি: সংগৃহীত
স্টেজে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডদল ‘নাগরদোলা’। একঝাঁক তরুণ শিল্পীর সমন্বয়ে গঠিত এই ব্যান্ডটি শ্রোতাদের বেশ প্রশংসা কুড়াচ্ছে।
ব্যান্ডটির কিবোর্ডিস্ট ও টিম লিডার রবিউল আলম রাকিবের নেতৃত্বে দলটি এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে ভোকালে রয়েছেন পেলিকা, নিপু ও তুলি। প্যাড ও ড্রামসে আরূপ, বেস গিটারে অনির্বাণ, লিড গিটারে পাপ্পু এবং তবলা ও পারকাশনে শুভ, ফটো ও ভিডিওগ্রাফির দায়িত্বে রয়েছেন কাব্য।
টিম লিডার রাকিব বলেন, বাংলা গান আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় একটি অংশ। আমরা চাই আমাদের এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে বাংলা গান, বিশেষ করে বাংলা রককে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তুলতে। আইয়ুব বাচ্চু, নগর বাউল জেমসসহ যারা বাংলা ব্যান্ডসংগীতকে একটি উচ্চতায় নিয়ে গেছেন, তাদের গান ও আদর্শকে আমরা নতুনভাবে শ্রোতাদের মাঝে তুলে ধরতে চাই। বাংলা গানকে বাঁচিয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য।
ব্যান্ডের ভোকালিস্ট পেলিকা বলেন, গান আমার কাছে অনুভূতির প্রকাশ। আমরা চেষ্টা করছি এমন কিছু উপস্থাপন করতে, যা শ্রোতাদের হৃদয়ে পৌঁছাবে এবং বাংলা গানের প্রতি ভালোবাসা আরও বাড়াবে।
ভোকালিস্ট নিপু বলেন, আমরা চাই আমাদের গান মানুষের সাথে সহজে সংযোগ তৈরি করুক। বাংলা গানের যে শক্তি আর আবেগ আছে, সেটাকে নতুনভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বেস গিটারিস্ট অনির্বাণ বলেন, ভালো সংগীত করতে চাই এটাই আমাদের লক্ষ্য।
‘নাগরদোলা’ ব্যান্ডটি জানিয়েছে, তারা শিগগিরই নিজেদের মৌলিক গান নিয়ে কাজ শুরু করবে এবং ধীরে ধীরে শ্রোতাদের সামনে নতুন কিছু উপস্থাপন করবে।
বাংলাদেশের খবর/আরইউ

